ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। ওই শিক্ষার্থীর নাম জহিরুল ইসলাম ওরফে হৃদয় (১৬)। সে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের জেবল হকের ছেলে। জহিরুল উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মজিবুল হক উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের অনুরোধে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া গেছে।

লেমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ উদ্দিন নাসিম জানান, অতিদরিদ্র পরিবারের সন্তান জহিরুল লেখাপড়ার পাশাপাশি লেমুয়া ইউপি সচিবের সঙ্গে খণ্ডকালীন চাকরি করত। সে লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক ছিল। সে খুবই ভালো স্বভাবের ছেলে ছিল।

একই দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এসএসসি পরীক্ষার্থী এবং অপর একজন পরীক্ষার্থীর মা চিকিৎসাধীন।

জহিরুলের মামা দিদারুল আলম প্রথম আলোকে জানান, জহিরুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে আজ দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বলেন, জহিরুলের বাবা ও মা তাঁদের একমাত্র ছেলেটা হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে গেছেন। দরিদ্র পরিবারটির অবলম্বন ছিল জহিরুল। জহিরুলের একমাত্র ছোট বোনটি স্থানীয় বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ছে।

এর আগে একই দুর্ঘটনায় আহত আলমাস উদ্দিন নামের অপর একজন পরীক্ষার্থী গত মঙ্গলবার রাতে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুজন এসএসসি পরীক্ষার্থী মারা গেল।

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে কৃষি বিষয়ের পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসের চাপায় তিনজন পরীক্ষার্থী, একজনের মা, চালকসহ পাঁচজন আহত হয়েছিলেন। এর মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী মারা গেল। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এসএসসি পরীক্ষার্থী এবং অপর একজন পরীক্ষার্থীর মা চিকিৎসাধীন। আর অটোরিকশার চালক ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।