গাজীপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত
গাজীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবরিয়াচালা এলাকার বাসিন্দা। তিনি একটি কারখানায় পোশাকশ্রমিকের কাজ করেন। আহত মো. জিয়া শ্রীপুর উপজেলার হালুকাইদ এলাকার বাসিন্দা।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলম। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একপর্যায়ে তাঁকে দেখতে মো. জিয়া নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় বনশ্রী পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা এনা পরিবহন ও বনশ্রী পরিবহনের বাস আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি শাহ মোস্তাফিজুর রহমান বলেন, বাস দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।