দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে জামায়াতের মিছিল, আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মুক্তিসহ ১০ দফা দাবিতে দিনাজপুরে গণমিছিল
ছবি: প্রথম আলো

দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ‘গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের বাহাদুর বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মুক্তিসহ ১০ দফা দাবিতে এই গণমিছিলের সময় ও পরে ১১ নেতা–কর্মীকে আটক করেছে দিনাজপুর কোতোয়ালী থানা–পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চিরিরবন্দর উপজেলার আতাহার আলী ও হাসিনুর রহমান, বীরগঞ্জ উপজেলার আলামিন হোসেন, এরশাদ আলী, আলামিন ইসলাম ও  আজগর আলী। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সবাই জামায়াত-শিবিরের নেতা–কর্মী।

জামায়াতের মিছিল থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের বাহাদুর বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

জানতে চাইলে দিনাজপুর শহর জামায়াতের আমির রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণ–আন্দোলন গড়ে তোলার জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গণমিছিল অনুষ্ঠিত হয়। তবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং আমাদের নেতা–কর্মীদের আটক করেছে। পুলিশ কোন কোন নেতা–কর্মীকে আটক করেছে, সেটা এখনো জানা যায়নি। তবে আমাদের ৯ নেতা–কর্মীকে আটক করা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, আজ ভোর থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা–কর্মীরা বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিতে শুরু করেন। দুপুর ১২টার দিকে নেতা–কর্মীরা রেলস্টেশনের প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় লিলির মোড় থেকে বাহাদুর বাজার পর্যন্ত নেতা–কর্মীদের উপস্থিতি দেখা যায়। পুলিশ এ সময় রেলস্টেশনের প্রধান ফটক এলাকায় ব্যারিকেড দিয়ে নেতা–কর্মীদের ঠেকানোর চেষ্টা করে। একপর্যায়ে জামায়াতের সদস্য আজগর আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এতে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল বের করেন। পরে মিছিলটি বাহাদুর বাজার গোলকুঠি হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ আরও ১০ জনকে আটক করে।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, সকাল থেকে শহরের বাহাদুর বাজারের রাস্তা অবরোধ করার চেষ্টা করছিলেন জামায়াতের নেতা–কর্মীরা। নাশকতা করার চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এ সময় সেখান থেকে ১১ জনকে আটক করা হয়েছে। জামায়াতের নেতা-কর্মীরা ১৬ ডিসেম্বর একইভাবে নাশকতা করার চেষ্টা করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।