হুইলচেয়ারে বসে ব্রাজিল–সমর্থক ভাইদের নিয়ে বিজয় মিছিলে নাবিলা
ততক্ষণে ইতিহাস গড়া হয়ে গেছে। শ্বাসরুদ্ধকর এক খেলায় ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফুটবলের জাদুকর লিওনেল মেসির ছোঁয়ায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ট্রফি।
আর্জেন্টিনার বিশ্বজয়ের আনন্দের ঢেউ আছড়ে পড়েছে শীতলক্ষ্যাপারের শহর নারায়ণগঞ্জেও। গতকাল রোববার রাতে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজারো সমর্থক নারায়ণগঞ্জের পথে–ঘাটে নেমে আসেন। নেচেগেয়ে বিজয় মিছিলের মাধ্যমে প্রিয় দলের জয় উদ্যাপন করছিলেন যাঁরা, তাঁদের একজন নাবিলা তুলি। তবে সে একা আসেনি। জন্ম থেকেই হাঁটা–চলার ক্ষমতা হারানো নাবিলা এসেছিল হুইলচেয়ারে করে। ব্রাজিল–সমর্থক দুই ভাই, মা ও নানি আর্জেন্টিনার বিজয় উদ্যাপনে নিয়ে এসেছিলেন তাকে।
ঘড়ির কাঁটায় তখন রাত দেড়টা। নাবিলার দেখা পাওয়া গেল নারায়ণগঞ্জ নগরের মিশনপাড়া মোড়ে। গায়ে আকাশি–সাদা জার্সি। মাথায় ক্যাপ। মুখজুড়ে মেখেছে আকাশি–সাদা রং। চোখেমুখে আনন্দের ঝিলিক। নাবিলার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তার ছোট ভাই রাকান হাসমত ও খালাতো ভাই তাসিন সিকদার। নাবিলার বিজয় উদ্যাপনে ব্রাজিল–সমর্থক দুই ভাইও সঙ্গী হয়েছে তার। হুইলচেয়ার ধরে দাঁড়িয়ে ছিলেন নানি শাহানা হানিফ ও মা তুহিনা সুলতানা। স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া নাবিলার বাবা বেঁচে নেই। মা ও দুই ভাই নিয়ে নানাবাড়িতেই বেড়ে ওঠা তার।
নাবিলা যখন পথের ধারে হুইলচেয়ারে বসে আছে, তার মতো হাজারো নারী-পুরুষ, শিশু তখন নগরের অলিগলি পেরিয়ে চাষাঢ়া গোলচত্বরে এসে নেচেগেয়ে বিজয় উদ্যাপন করছে। গোলচত্বর থেকে ২০০ গজ দূরের মিশনপাড়ায় পথের ধারে বসেই সমর্থকদের সেই বাঁধভাঙা উল্লাস দেখছিল নাবিলা। সেখানে কথা হলো তার সঙ্গে। ছোটবেলা থেকে লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ নাবিলা। চাওয়া ছিল, এবারের বিশ্বকাপ মেসির হাতেই ওঠুক। স্বপ্নপূরণ হওয়ার আনন্দে এই কিশোরী বলল, ‘আমি বোঝাতে পারব না। কিছুক্ষণ আগে অনেক কান্না পাচ্ছিল। এভাবে প্রিয় দলের, প্রিয় খেলোয়াড়ের বিজয় দেখতে পাওয়া ভাগ্যের বিষয়।’
নাবিলার ব্রাজিল–সমর্থক ভাইয়েরা বলল, বোনের পছন্দের দল জিতে যাওয়ায় তার আনন্দ দেখে তারাও খুশি।
কেবল বিশ্বকাপই নয়, বছরজুড়ে হওয়া বাংলাদেশ জাতীয় দলের খেলায়ও মনোযোগ থাকে নাবিলার। কিন্তু এমন উদ্যাপনের উপলক্ষ আসে কমই। সে বলল, ‘বিশ্বকাপ এলে বোঝা যায়, আমাদের দেশের মানুষ কতটা ফুটবলপাগল! আমাদের মেয়েরা তো দেখিয়েই দিল।’
নাবিলার গল্প শোনার পর তার একটি ছবি তুলতে চাই। সঙ্গে সঙ্গেই তিনবারের বিজয় উদ্যাপনের চিহ্ন হিসেবে তিন আঙুল উঁচিয়ে ধরে নাবিলা। তার হুইলচেয়ার ধরে দাঁড়িয়ে থাকা ব্রাজিল–সমর্থক দুই ভাই তখন পাঁচ আঙুল উঁচিয়ে ধরে। সঙ্গে থাকা মা তুহিনা সুলতানা তখন পড়েন মধুর সমস্যায়। শেষ পর্যন্ত এক হাতের পাঁচ আরেক হাতের তিন আঙুল উঁচিয়ে ধরে তিনিও সঙ্গী হন ছেলেমেয়ের উদ্যাপনে।