ধুনটে হত্যা মামলার আসামিকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতান আলী
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় একটি হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে সুলতান আলীর মা খোদেজা খাতুন বাদি হয়ে এই মামলা করেন। এর আগে গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সুলতান আলীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের আলতাব আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি সদস্য রিয়েল আহম্মেদ ওরফে জান্নাতকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রিয়েল আহম্মেদ এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও শৈলমারী গ্রামের মোকবুল হোসেনের ছেলে। হত্যার ঘটনার পর বুধবার রাতে তাঁকে আটক করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান আলী বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাত আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করে। পরে গতকাল বৃহস্পতিবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, সুলতান আলীর বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২০ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় শৈলমারী গ্রামের রনজু মিয়া নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই মামলার প্রধান আসামি ছিলেন সুলতান। মামলার তদন্ত শেষে সুলতানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ওই মামলায় সুলতান বর্তমানে জামিনে ছিলেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সুলতান আলীকে হত্যার অভিযোগে তাঁর মা বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় রিয়েল আহম্মেদ নামের এক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।