সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাসে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির সবগুলো সিট পুড়ে গেছে। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটি নাশকতা নয়। দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাড়ির ভেতরে থাকা সবগুলো সিট পুড়ে যায়। উপস্থিত লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ আই এম তৌহিদুল করিম। তৌহিদুল করিম প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া চারটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের এমপি ঘাটা পাকার মাথা এলাকায় স্থানীয় বশির মিয়ার গ্যারেজে গাড়িটির সিটের ওয়েল্ডিং করছিলেন মিস্ত্রিরা। এ সময় হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায়। এতে গাড়ির ভেতরে থাকা সবগুলো সিট পুড়ে যায়। পরে উপস্থিত লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিদর্শক তৌহিদুল জানান, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।