টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে হাজি মাজার বস্তি থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে পুলিশের গাড়ি ঘিরে ধরার চেষ্টা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
গতকাল রোববার রাত আটটার দিকে তুরাগ নদের তীরবর্তী হাজি মাজার বস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ ও টঙ্গী পশ্চিম থানার পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানের সময় মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয় জানিয়ে পুলিশ দাবি করেছে, তাঁদের গাড়িতে তোলার সময় বস্তির কিছু বাসিন্দা ভিড় করেন। তাঁরা পুলিশের গাড়িটিকে ঘিরে ফেলার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছত্রভঙ্গ হয়ে ছুটোছুটি শুরু করেন। পরে আটক ব্যক্তিদের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায় পুলিশ।
জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ২০ জনকে আটকের পর অতিরিক্ত জনসমাগম হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁরা বর্তমানে থানা হেফাজতে আছেন।