নগরকান্দায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালেন আসামি
ফরিদপুরের নগরকান্দা থানা থেকে কোর্টে চালান করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। তাঁর নাম তোরাপ শেখ (৩২)।
আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তোরাপ শেখ নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের রুস্তম শেখের ছেলে। তবে তিনি ওই গ্রামেই অবস্থিত শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে তোরাপ শেখকে ৪৪ গ্রাম গাঁজাসহ সদরবেড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। আজ দুপুরে নগরকান্দা থানা থেকে তাঁকে পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি দল।
তালমা-নগরকান্দা সড়কের সদরবেড়া এলাকার নুরুজ্জামান জুট মিলের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি থামানো হয়। এ সময় কৌশলে গাড়ি থেকে হাতকড়াসহ নেমে দৌড়ে পালিয়ে যান তোরাপ শেখ। পুলিশ সদস্যরা পিছু নিয়েও তাঁকে ধরতে পারেননি। ঘটনার পর সদরবেড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য ও তোরাপের শ্বশুরবাড়ির লোকজনকে থানায় ডেকে আনা হয়।
তোরাপ শেখ দেড় বছর আগে র্যাবের হাতে মাদকদ্রব্যসহ আটক হওয়ার পর পালানোর চেষ্টা করেছিলেন জানিয়ে তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি ও ইউনিয়ন পরিষদের লোকজন তোরাপকে খুঁজছেন।
জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে খোঁজা হচ্ছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। তবে সন্ধ্যায় সদরবেড়া গ্রামের এক জঙ্গল থেকে কেটে ফেলা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে।