কয়রা-কাশিরহাট সড়ক
পাঁচ বছর বেহাল সড়ক, চলাচলে দুর্ভোগ
১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলার ৩টি ইউনিয়নের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
খুলনার কয়রা-কাশিরহাট সড়ক প্রায় পাঁচ বছর ধরে বেহাল। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সাত কিলোমিটার সড়কটি বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সড়কের পাশে গড়ে ওঠা ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উপজেলার ৩টি ইউনিয়নের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
২০২০ সালে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। কাজের শুরুতেই ঘূর্ণিঝড় আম্পানে প্লাবিত হয় এলাকা। সে সময় সড়কের কয়েকটি স্থান ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের পুরো অংশজুড়ে খানাখন্দ দেখা দেয়। এরপর আর সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা বলেন, ২০১৮ সাল থেকে সড়কটি খারাপ অবস্থায় আছে। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে অসুস্থ কোনো মানুষ এ সড়কে চলাচল করলে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। সড়ক দিয়ে কোনো যানবাহন গেলেই ধুলায় অন্ধকার হয়ে যায় চারদিক। নিশ্বাস নিতেও কষ্ট হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
সওজ সূত্রে জানা যায়, কয়রা-কাশিরহাট সড়কটি সংস্কারের জন্য ২০১৯ সালের ২৬ মে মোজাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকা চুক্তি মূল্যে কার্যাদেশ দেওয়া হয়। যথাসময়ে কাজ শুরু করেনি প্রতিষ্ঠানটি। ২০২০ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি কাজ শুরু করা অবস্থায় দুর্যোগের কবলে পড়লে কাজ বন্ধ হয়ে যায়। পরে দরপত্রটি বাতিল করা হয়।
সড়কের কাশিরহাট অংশ দিয়ে নিয়মিত যাতায়াত করে বেদকাশি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। ওই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্রী তাছলিমা খাতুন বলে, ভাঙাচোরা সড়কের কারণে গ্রামের অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিতে পারে না। এ কারণে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে।
কয়রা উপজেলা সদর থেকে বেদকাশি কাছারিবাড়ি হয়ে কাশির হাটখোলা খেয়াঘাট পর্যন্ত সড়কটি সাত কিলোমিটার দীর্ঘ। সরেজমিনে দেখা যায়, সড়কটির বেশির ভাগ অংশ দেখে চেনার উপায় নেই যে এটি সড়ক নাকি গ্রামীণ কাঁচা রাস্তা। সড়কের পিচের আস্তরণ উঠে গেছে। রাস্তাজুড়ে ছোট–বড় গর্ত। যানবাহন চলাচল করলে ধুলাবালু ওড়ে। আশপাশের ঘরবাড়ি, দোকান আর গাছপালাও লাল ধুলায় ছেয়ে গেছে। সড়কটির চারভেড়ি নামক স্থানে একটি কালভার্ট নির্মাণের জন্য কেটে রাখা হয়েছে। পাশের বিকল্প সড়ক দিয়ে যানবাহন থেকে যাত্রীরা নেমে হেঁটে পার হচ্ছেন।
চারভেড়ি এলাকার দোকানি মাসুদুল ইসলাম বলেন, ‘ধুলার যন্ত্রণায় দোকানের সামনের অংশ ঢেকে রেখেও রক্ষা পাওয়া যায় না। কয়েক মিনিটেই দোকানে ধুলার স্তর পড়ে যায়। দোকানের মালামাল নষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের রোগী হয়ে গেছি।’
সওজের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, বর্তমানে সড়কটি নতুন করে নির্মাণের জন্য প্রাক্কলন ও নকশা তৈরি করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। বর্তমানে সড়কটি পুনর্নির্মাণের প্রস্তাব একনেকের সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।