সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন
সিলেট থেকে সৌদি আরবের মদিনা শহর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৪৩১ ফ্লাইট ৩৪৬ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করে। এর মধ্যে ৯১ জন ঢাকার এবং ২৫৫ যাত্রী ছিলেন সিলেটের।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় কয়েক বছর ধরে হজ ফ্লাইট পরিচালনা করছে বলে জানান সংস্থাটির সিলেট জেলা বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক মো. মনসুর আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মদিনা পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, এবার সিলেট-জেদ্দা রুটে ছয়টি এবং সিলেট-মদিনা রুটে একটি হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান। ১০, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ জুন সিলেট থেকে ডেডিকেটেড ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। এবার সিলেটে হজযাত্রী রয়েছেন ২ হাজার ৭৫৭ জন। এ ছাড়া আরও চারটি শিডিউল ফ্লাইটে সিলেট থেকে জেদ্দার যাত্রীদের পরিবহন করা হবে। শিডিউল ফ্লাইট পরিচালিত হবে সপ্তাহে একটি করে। প্রতি সপ্তাহের সোমবার বাংলাদেশ বিমানের শিডিউল ফ্লাইটে হজযাত্রীদের সিলেট থেকে জেদ্দায় নেওয়া হবে।