টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গণপিটুনিতে এক ব্যক্তি নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ছানোয়ার হোসেন (৩৭)। তিনি জেলার মধুপুর উপজেলার ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ডে ভর্তি এক নারীর ব্যাগ ছানোয়ার হোসেন নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন ধরে ফেলে। পরে তাঁকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে উল্লেখ করে ওসি আরও বলেন, নিহত ছানোয়ারের বাড়িতে খবর পাঠানো হয়েছে। বাড়ির লোকজন এলে মামলা নেওয়া হবে বলে ওসি জানান।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর হোসেনের মুঠোফোনে রাতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তারা কেউ ফোন ধরেননি।