নানা সংকটে সেবা ব্যাহত 

প্রতিদিন গড়ে বহির্বিভাগে চার শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। ৩১ শয্যার বিপরীতে ৪০–৪৫ জন ভর্তি থাকেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা সমস্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত এই হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

চিকিৎসার জন্য জেলা সদরের জেনারেল হাসপাতাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বা বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বা রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে হচ্ছে রোগীদের। এতে শিশু বা নারী রোগীসহ উপজেলার ভাঙনকবলিত অবহেলিত সিংপুর ও ছাতিরচর ইউনিয়নের দরিদ্র রোগীদের বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের মধ্যে আছেন ১১ জন। এখানে গাইনি ও প্রসূতি, শিশু, মেডিসিন, সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসক নেই। নেই অবেদনবিদ। নেই ডেন্টালের কোনো সরঞ্জাম। চারজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে তিনজনই নেই। নেই জেনারেটরের ব্যবস্থা। এ ছাড়া নার্সের ছয়টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ ১৫ জন মাঠকর্মীরও অভাব রয়েছে। 

দীর্ঘদিন ধরে হাসপাতালে এক্স–রে মেশিন নেই। এতে রোগীদের বাধ্য হয়েই পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে আশপাশের ডায়াগনস্টিক বা ক্লিনিকে। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালে অস্ত্রোপচারও বন্ধ। 

হাসপাতালে প্রতিদিন গড়ে বহির্বিভাগে চার শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। ৩১ শয্যার বিপরীতে প্রতিদিন এখানে ৪০ থেকে ৪৫ জন রোগী ভর্তি থাকেন। মাঝেমধ্যে দ্বিগুণ রোগীও ভর্তি থাকেন। গত মঙ্গলবার সরেজমিনে ভর্তি রোগী পাওয়া যায় ৪২ জন। লোকবল–সংকটে এসব রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় কর্মরত চিকিৎসক ও নার্সদের। 

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, তানভীর নামে এক রোগীকে স্বজনেরা ধরাধরি করে নিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করতেই এক স্বজন বলেন, তানভীর পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। চিকিৎসকের কাছে আনলে এক্স–রে করতে বলেন। হাসপাতালে এক্স–রে মেশিন নেই। সে জন্য বাইরে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।

সিংপুরের প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে শামীম মিয়া তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। দুর্গম এলাকা থেকে অনেক সময় লেগে যাওয়ায় রহিমার অবস্থা খারাপ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার দরকার। কিন্তু হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় তাঁকে কিশোরগঞ্জের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পিত্তথলিতে পাথর থাকায় সার্জারি চিকিৎসকের সংকটে আছিয়া খাতুনকে স্থানান্তর করা হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এভাবে প্রতিদিন প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে আসা অসংখ্য রোগী ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে কথা হয়, উপজেলার নানস্রী গ্রামের সুমন মিয়ার সঙ্গে। তিনি বলেন, সোমবার থেকে ৯ মাসের শিশু আরফানকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু চিকিৎসা নিয়ে তেমন সন্তুষ্ট নন তিনি।  

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুলসুম আক্তার। তিনি বলেন, হাসপাতাল থেকে তাঁকে শুধু একটি স্যালাইন দেওয়া হয়েছে আর বাকি সব ওষুধ বাইরে থেকে আনতে হয়েছে।

তিন বছরের শিশুর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি আছেন রুমা আক্তার। তিনি বলেন, চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে বাথরুমের অবস্থা নাজুক। ছিটকিনি লাগে না। একজন গেলে আরেকজনকে দাঁড়িয়ে পাহারা দিতে হয়। 

শামীম আহমেদ নামে স্থানীয় একজন বাসিন্দা বলেন, প্রায় দেড় লাখ মানুষের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স–রে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে বিকল। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। একটু সমস্যা হলেই মানুষকে দৌড়াতে হয় জেলা শহর বা বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।

জানতে চাইলে আবাসিক মেডিকেল চিকিৎসক (আরএমও) মো. সোহাগ মিয়া বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকসহ লোকবল ও যন্ত্রপাতির সংকট থাকলেও তাঁরা রোগীদের ভালো সেবাদানে চেষ্টা করেন। হাসপাতালের মেরামত ও পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে শৌচাগারসহ সবকিছু ঠিক হয়ে যাবে। তাঁদের এখানে যেসব ওষুধ আছে, সবই দেওয়া হয়। যেগুলো নেই সেগুলো শুধু বাইর থেকে রোগীদের আনতে হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানের সংকট চলছে। বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন। এমনকি প্রতি মাসে এর জন্য চাহিদা দিয়ে আসছেন। তবু ব্যবস্থা নেওয়া হয়নি। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন সাইফুল ইসলাম বলেন, নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট থাকলেও সেগুলোকে বড় করে দেখা যাবে না। সেখানকার রোগীরা খুব ভালো সেবা পাচ্ছেন।