সিরাজগঞ্জে সেচযন্ত্রের ঘরে পড়ে ছিল কিশোরের রক্তাক্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে আবু বক্কর সিদ্দিক (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তর চরপাড়া গ্রামের একটি সেচযন্ত্রের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ, নিহত কিশোরের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আবু বক্করের বন্ধু আবদুর রাজ্জাক তাকে পাশের গ্রামে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি। আজ সকালে উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তর চরপাড়া গ্রামে জমিতে সেচ দিতে গেলে একটি সেচযন্ত্রের ঘরের মেঝেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে।

কান্নাজড়িত কণ্ঠে নিহত আবু বক্কর সিদ্দিকের মা মালেকা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমাদের পাশের বাড়ির আবদুর রাজ্জাক ছেলেটি আমার আবু বক্করকে ডেকে নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে দুজনে কোথায় যাও। তখন আবু বক্কর বলল, পাশে আমার আরও বন্ধুরা আছে। আমরা সবাই মিলে ওয়াজ মাহফিল শুনতে যাব। এরপর কারা আমার নিরীহ ছেলেকে নির্মমভাবে হত্যা করল, তা জানি না। আমি এ হত্যার বিচার চাই।’

স্থানীয় রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘নিহত আবু বক্কর সিদ্দিক একজন নিরীহ কিশোর। একই গ্রামে বাড়ি হওয়ায় আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। বয়স অল্প হলেও সে ভালো ট্রলি চালাতে পারত। সে তার বাবাকে কৃষিকাজে সহায়তা করত।’

সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক নান্নু খান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আবু বক্করের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। লাশটির বাঁ চোখ উপড়ানো ও অণ্ডকোষ থেঁতলানো রয়েছে। এ ছাড়া শরীরের অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।