শেখ হাসিনা রাজনৈতিক দল হিসেবে আ.লীগকে ধ্বংস করে দিয়েছেন: আমীর খসরু
‘আওয়ামী লীগ আজ কোনো রাজনৈতিক দল নেই, তারা বিক্রি হয়ে গেছে কর্মকর্তাদের কাছে, পুলিশের কাছে, দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে। তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ধ্বংস করে দিয়েছেন। আমাদের নেতা দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের বলীয়ান করেছেন, শক্তিশালী করেছেন, ইমানদার করেছেন। এ জন্যই আমাদের আগামী নির্বাচনে জয় হবে।’
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। ১০ দফা দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমেরিকার ভিসা নীতিমালা এসেছে। তারা বারবার বলার পরও সরকার তাদের কথা শুনছে না। সরকারবিরোধী দলের নেতা–কর্মীকে গ্রেপ্তার করছে, নিপীড়ন–নির্যাতন চালাচ্ছে। গুম, খুন, মিথ্যা মামলা বন্ধ হচ্ছে না। সুতরাং সাত মাস আগে স্যাংশন দিয়েছে সুবোধ বালকের মতো ব্যবহার করার জন্য। ভালো হয়ে যাওয়ার জন্য সাত মাস আগে স্যাংশন দিয়েছে আমেরিকা। যাতে বাংলাদেশের মানুষ নিদ্বি৴ধায় নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। তারা যাতে নির্বিঘ্নে সভা–সমাবেশ করতে পারে। সরকার যেন বাক্স্বাধীনতা বন্ধ করতে না পারে। গণমাধ্যমের বাক্স্বাধীনতা, সুশীল সমাজের বাক্স্বাধীনতা, বিরোধী দলের বাক্স্বাধীনতা বন্ধ করতে না পারে। যাতে করে প্রত্যেক ভোটার মুক্ত পরিবেশে রাস্তায় থেকে তাঁর নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমেরিকার স্যাংশন প্রকাশের পর প্রধানমন্ত্রী আবোলতাবোল বকাবকি করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে দলীয় নেতা–কর্মীদের বলেন, আপনাদের এলাকার কিছু মন্ত্রীও আছেন। এসব নাম আমি মুখে আনি না। আপনারাও আনবেন না। আমাদের সময়ের দাম আছে, সময় নষ্ট করবেন না। আমাদের হাতে অনেক কাজ আছে। বাংলাদেশে নির্বাচন হবে। শেখ হাসিনার পতনের পরে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, শুধু বিএনপি নয়, এ দেশের ১৮ কোটি মানুষ ওই নির্বাচনে অংশগ্রহণ করবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে বাংলাদেশের জনগণ আছে। তাদের সঙ্গে আছে আওয়ামী পুলিশ, আওয়ামী সরকারি কর্মকর্তা, আওয়ামী দুর্নীতিবাজ ব্যবসায়ী, আওয়ামী দুর্নীতিবাজ রাজনীতিবিদ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনার অনির্বাচিত সরকারকে বিদায় দেওয়ার জন্য। আমরা কেন জিতব জানেন? বিএনপির নেতা–কর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আর আওয়ামী লীগের নেতা–কর্মীরা লুটপাট করে তাদের পেট বড় হয়ে গেছে। পেটের ওজনে তারা হাঁটতে পারছে না।’
দ্রব্যমূল্যের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ আজ দুবেলা খেতে পারছে না। ৩০ শতাংশ মানুষ দুবেলা খেতে পারছে না, ৬০ শতাংশ মানুষ ধারদেনা করে চলেছে। অনেকে দুবেলার মধ্যে এক বেলা মাছ খেতে পারে। অনেকে সপ্তাহে একবার মাছ খেতে পারে। এ পয়সা কোথায় যাচ্ছে? আওয়ামী সিন্ডিকেটের পকেটে, ব্যাংক, শেয়ারবাজার ও লুটপাটের টাকা যাচ্ছে আওয়ামী সিন্ডিকেটের পকেটে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, মো. শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বিএনপির সদস্য ব্যবসায়ী ফখরুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।