ট্রেন থেকে পড়ে মারা যাওয়া দিনাজপুরের চিরিরবন্দরের পদকজয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেনের (মারুফ) কথা মনে করে তাঁরা মা–বাবার কান্না থামছে না। গ্রামের লোকও প্রাণশক্তিতে ভরপুর তরুণের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। সকাল থেকেই মাশরাফির বড় বাউল গ্রামের বাড়িতে ভিড় করছেন লোকজন, পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তাঁরা নিজেরাই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন।
ঢাকায় শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে সাইক্লিং প্রতিযোগিতায় এবার প্রথমবারের মতো অংশ নিয়ে মাশরাফি জিতেছিলেন তিনটি পদক। ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চেপে সতীর্থদের সঙ্গে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দর স্টেশনে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁর।
আজ বুধবার সকালে মাশরাফিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা আনিছুর রহমান ও মা ছেলের কথা বলছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। মাটির দেয়ালে ঠেস দিয়ে রাখা ছেলের সাইকেলটির দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকাচ্ছেন বাবা। বিছানায় ছেলের পরনের জার্সিসহ নানা পোশাকে হাত বুলিয়ে মা কাঁদছিলেন। আর বলছিলেন, ‘এত পুরস্কার মোক দিয়া গেলু রে বাপ, পায়েস রান্ধির কলু, মুই পায়েস রান্ধিনু রে, তুই খাবার পারলু না।’
মাশরাফিদের বাড়িতে চার কক্ষের একটি মাটির ঘর। একটি কক্ষে তাঁর পড়ার ঘর। সেই কক্ষের কাঠের আলমারিভর্তি মাশরাফির নানা পদক। বাড়িতে আসা প্রতিবেশী-স্বজনেরা বলাবলি করছিলেন, ছেলেটা ছিল এলাকার প্রদীপ। সেই প্রদীপ নিভে গেল।
মাশরাফির বাবা বাড়িসংলগ্ন একটি পোস্ট অফিসের পিয়ন পদে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে মাশরাফি দ্বিতীয়। ছোটবেলা থেকেই পড়ালেখা আর খেলাধুলার প্রতি তাঁর গভীর মনোযোগ। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। মাত্র দুই সেমিস্টার পরই তাঁর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার কথা। এরপর কাজ করে সংসারে সচ্ছলতা ফেরাবেন, সেই আশা ছিল তাঁর মনে।
মাশরাফির বড় ভাই মাহমুদ হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে এক বাটি কাঁচা ছোলা খেয়ে দুপুর পর্যন্ত থাকতেন ভাই। ফরম পূরণ কিংবা খুব বেশি প্রয়োজন না হলে কখনো টাকা চাইতেন না। প্রথম দিকে সাইক্লিং প্রতিযোগিতার জন্য যে সাইকেল দরকার, সেটা ভাইয়ের ছিল না। দিনাজপুরে প্রথমবার সাধারণ রেঞ্জার সাইকেল নিয়েই তাঁর ভাই অংশগ্রহণ করেছিলেন। সর্বশেষ যে সাইকেলটা কেনা হয়েছিল, মাশরাফি নিজেই সেই টাকার বেশির ভাগটা জোগাড় করেছিলেন। দুই হাজার টাকা তিনি (মাহমুদ) দিয়েছিলেন। অভাবের সংসারে নিজের পড়ালেখার খরচ জোগাতে ছোটবেলা থেকেই ছাগল, হাঁস-মুরগি, খরগোশ লালন-পালন করতেন মাশরাফি। সেগুলো বিক্রির টাকায় খরচ চালাতেন।
মাশরাফির প্রশংসা করে তাঁর প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘শুধু খেলাধুলা নয়; গান-কবিতা, অভিনয় বিষয়েও সমান পারদর্শী ছিল মাশরাফি। গ্রামের মানুষের কাছে সে প্রিয়মুখ। যেকোনো কাজে আগে আগে থাকত। এমন একটা ছেলে আমাদের ছেড়ে চলে গেল!’