চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম

অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। তাঁর দায়িত্ব পালনের প্রায় ১ বছর ৯ মাস পর নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।