সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর থেকে একটি দেশি বন্দুকসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবদল নেতার নাম মো. শফিকুল ইসলাম। তিনি সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
শফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় আগে থেকে আরও ২২টি মামলা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সলিমপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে। মামলায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে হুকুমের আসামি করা হয়েছে। কাজী সালাউদ্দিন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নির্দেশে অবরোধে নাশকতার পরিকল্পনায় যুবদল নেতা শফিকুল সলিমপুর এলাকায় অস্ত্রসহ অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সলিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ানশুটারগান ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।