স্বাস্থ্য কর্মকর্তার সাক্ষাৎকার

বরিশালে স্থানীয়ভাবে এডিস মশা ও লার্ভার বিস্তৃতি ঘটেছে, এটা অশনিসংকেত

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত দেড় মাসে এই বিভাগে ৭৪২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মারা গেছেন পাঁচজন। ডেঙ্গুর বিস্তার, ডেঙ্গু রোধে করণীয় ও প্রস্তুতি নিয়ে প্রথম আলো কথা বলেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও মুখপাত্র শ্যামল কৃষ্ণ মণ্ডলের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে আপনি কী বলবেন?

শ্যামল কৃষ্ণ মণ্ডল: আসলে ডেঙ্গু বিস্তারের মূল ক্ষেত্র হচ্ছে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর। বরিশালের প্রতিটি জেলার সঙ্গে প্রতিদিন ঢাকার লঞ্চ যোগাযোগ যেমন আছে, তেমনি বড় শহরগুলোর সঙ্গে বাস যোগাযোগও আছে। এসব যানবাহনে এডিস মশার বিস্তৃতি ঘটে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু বহনকারী রোগীরা এলাকায় যাতায়াত করায় তা ছড়িয়ে পড়ে।

প্রশ্ন :

এবার যাঁরা আক্রান্ত, তাঁদের সবারই কি ভ্রমণের ইতিহাস আছে? নাকি স্থানীয়ভাবেও কেউ কেউ আক্রান্ত?

শ্যামল কৃষ্ণ মণ্ডল: বেশির ভাগেরই ভ্রমণের ইতিহাস আছে। তবে আমরা এমন রোগীও পাচ্ছি, যাঁরা আক্রান্ত হওয়ার আগে কোথাও ভ্রমণ করেননি। এতে বোঝা যায়, স্থানীয়ভাবেও এডিস মশা ও লার্ভার বিস্তৃতি ঘটেছে। এটা অশনিসংকেত।

প্রশ্ন :

এটা প্রতিরোধে করণীয় কী?

শ্যামল কৃষ্ণ মণ্ডল: এটা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে এডিস মশার বিস্তার রোধ, লার্ভা ধ্বংস ও ব্যক্তিগত সচেতনতা। যাঁরা ডেঙ্গু আক্রান্ত, তাঁদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে মশা কামড়ে দিতে না পারে। এ জন্য মশারি ব্যবহার করতে হবে। কারণ ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যে মশা কামড়ে দেয়, সেই মশাও এডিসবাহী হয়ে বংশ বিস্তার ঘটায়। এ ছাড়া শহর-নগর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জমে থাকা পানি অপসারণ করতে পারলে এটা প্রতিরোধ করা সম্ভব।

প্রশ্ন :

এই সময়ে জ্বর হলে করণীয় কী?

শ্যামল কৃষ্ণ মণ্ডল: জ্বর হলে প্রথমেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিচ্ছি আমরা। ডেঙ্গুর বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যেমন জ্বরের সঙ্গে শরীর ব্যথা, ক্ষুধামন্দার মতো সমস্যা। আমাদের সরকারি হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারগুলোতে যাঁরাই জ্বর নিয়ে আসছেন, তাঁদের দুটি পরীক্ষা করানোর অঘোষিত বাধ্যবাধকতা সবাই মেনে চলছেন।

প্রশ্ন :

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজনীয় কিটের সরবরাহ কেমন?

শ্যামল কৃষ্ণ মণ্ডল: আমাদের সব হাসপাতালে পর্যাপ্ত কিট আছে। কোনো ঘাটতি নেই। কিটের পাশাপাশি প্রয়োজনীয় মশারি, ওষুধ, চিকিৎসক দল—সবকিছুরই প্রস্তুতি আছে আমাদের।

প্রশ্ন :

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার প্রবণতা আছে। এগুলো মনিটরিংয়ের ব্যবস্থা আছে?

শ্যামল কৃষ্ণ মণ্ডল: স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা এগুলো নিয়মিত মনিটরিং করি। সরকার নির্ধারিত ৫০০ টাকার বেশি কেউ ডেঙ্গু পরীক্ষায় নিতে পারবে না। নিলে সেখানে আমরা আইনগত ব্যবস্থা নেব।