জঙ্গল সলিমপুরে ঝামেলার চেষ্টা হলে শায়েস্তা করা হবে: র‍্যাব

র‍্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান আজ বেলা ১১ টার দিকে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিং দেনছবি: র‍্যাবের সৌজন্যে

ভোটের দিন চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় কেউ ঝামেলা করার চেষ্টা করলে শায়েস্তা করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারসংক্রান্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাব অধিনায়ক বলেন, জঙ্গল সলিমপুরে দুটি ভোটকেন্দ্র রয়েছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেগুলোতে বাড়তি নজর রাখা হচ্ছে। পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যরা হামলার শিকার হন—এমন অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারি সেখানে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় করা মামলায় বলা হয়েছে, র‍্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ সময় র‍্যাবের আটক করা এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। চার র‍্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে।

ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর থেকে র‍্যাব ১০৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুট হওয়া অস্ত্রের মধ্যে ৫০টি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বড় হত্যা মামলার ৩৫০ জন এবং অন্যান্য মামলার প্রায় দুই হাজার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুন

হাফিজুর রহমান বলেন, র‍্যাব-৭-এর আওতাধীন চার জেলায় ২০টি সংসদীয় আসনে মোট ৫০টি টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে মো. হাফিজুর রহমান বলেন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ১৬টি সংসদীয় আসনকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ৪০টি টহল দল কাজ করছে বলে জানান হাফিজুর রহমান। ভোটাররা যেন ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’

আরও পড়ুন