তদন্তে সত্যতা পাওয়ায় ছাত্রীর উপবৃত্তির টাকা ফেরত দিলেন অধ্যক্ষ
ছাত্রীর উপবৃত্তির টাকা ব্যক্তিগত মুঠোফোন নম্বরে নিয়ে আত্মসাৎ করেছিলেন নাটোরের নলডাঙ্গা-সোনাপাতিল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মদ খান। ভুক্তভোগী ছাত্রীর বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই শিক্ষক আজ বৃহস্পতিবার উপবৃত্তির টাকা ফেরত দিয়েছেন।
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা-সোনাপাতিল মহিলা কলেজের ছাত্রী শাওন আক্তারের উপবৃত্তির ১১ হাজার ৮০০ টাকার হদিস মিলছিল না। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ওই টাকা তৎকালীন অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মদ খান তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে গ্রহণ করেছেন। বিষয়টি তাঁকে জানানো হলে তিনি টাকা গ্রহণের কথা অস্বীকার করেন। কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নেন। পরে ওই ছাত্রীর বাবা সামাদ মণ্ডল এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগটি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তখন অধ্যক্ষ টাকাগুলো ফেরত দিতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মদ খান উপবৃত্তির ১১ হাজার ৮০০ টাকা শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। পরে তাঁর উপস্থিতিতেই শিক্ষা কর্মকর্তা ওই টাকা শিক্ষার্থী শাওন আক্তার ও তাঁর বাবার হাতে তুলে দেন।
এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সাবেক অধ্যক্ষ আবুল হাসান নুর মোহাম্মাদ খান বলেন, কারিগরি সমস্যার কারণে বৃত্তির টাকা বিকাশের মাধ্যমে তাঁর মুঠোফোনে চলে আসে। তিনি অবসরে চলে আসায় বিষয়টি বুঝতে পারেননি। তদন্তে সত্যতা পাওয়ায় তিনি টাকা ফেরত দিয়েছেন।
নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আনছারী বলেন, শুরুতেই টাকাগুলো ফেরত দিয়ে দিলে এত কিছু হতো না। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাবেক অধ্যক্ষ টাকাগুলো ফেরত দিতে বাধ্য হয়েছেন।