নারীর সঙ্গে ভিডিও, হাতিয়ার ইউএনও ওএসডি
নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এক নারীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ মঙ্গলবার এ পদক্ষেপ নেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান সুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আজ বিকেলে তিনি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পেয়েছেন।
গতকাল সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ইউএনও মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে ইউএনওর দাবি, ভিডিওটি তাঁর সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পেয়ে সোমবার সকালেই কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মো. আলাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগের কর্মস্থলের কিছু বিরোধের জেরে কেউ শত্রুতাবশত এ ধরনের কাজ করেছে। বিষয়টি নিয়ে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।