সাতক্ষীরায় ১১–দলীয় জোটের লংমার্চের বাস খাদে, পথচারী নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে লংমার্চের বাসটি। গতকাল শনিবার রাতে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা চারা বটতলা এলাকায়ছবি: প্রথম আলো

খুলনায় ১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের চালকসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওই পথচারীর নাম আবদুল খালেক (৬৫)। তাঁর বাড়ি তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে।

দুর্ঘটনার সময় বাসে লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন।

দুর্ঘটনায় আহত রুহুল আমিন বলেন, বাসটি কুমিরাচারা বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সড়ক পার হতে যান। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসের ধাক্কায় ওই পথচারী নিহত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসে লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। তাঁদের অধিকাংশের বাড়ি সদর উপজেলার ঘোনা এলাকায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখছে।