কৃতী শিক্ষার্থীদের মেহজাবীন বলেন, সাফল্য ধরে রাখতে হবে
চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে নগরের ফয়’স লেকে। শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপনে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের মঞ্চে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের বলেন, সাফল্য ধরে রাখতে হবে।
আজ সোমবার সকাল আটটায় ফয়’স লেকে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। বিভিন্ন পর্বের পর বেলা আড়াইটার দিকে মঞ্চে ওঠেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মঞ্চে তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেহজাবীন চৌধুরী বলেন, ‘ভালো ফলাফল করে তোমরা মা-বাবার মুখ উজ্জ্বল করেছ। এ সাফল্য ধরে রাখতে হবে। বড় জায়গায় যেতে হবে।’
আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব। আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, কনকর্ড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
নিবন্ধন করা শিক্ষার্থীরা সকালে ফয়’স লেকের উৎসব প্রাঙ্গণে হাজির হয়। আজকের উৎসবে অংশ নিতে ১০ হাজার ৭০০ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স, কনকর্ডের পক্ষ থেকে দুপুরের খাবার, ফয়’স লেকে বিনা মূল্যে প্রবেশ টিকিট, রাইডে ওঠার সুযোগসহ অন্য উপহার রয়েছে।
বেলা দুইটায় উৎসবের মঞ্চে ওঠেন শিখোর সহপ্রতিষ্ঠাতা জিশান জাকারিয়া। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করছেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ।
শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপন করতে সাংস্কৃতিক পর্বে আরও থাকছেন অভিনয়শিল্পী আরিফিন শুভ ও সাবিলা নূর। জনপ্রিয় ব্যান্ড বে অব বেঙ্গল, তীরন্দাজসহ আরও অনেক শিল্পী উপস্থিত থাকবেন।
জিশান জাকারিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘একটি ভবন কতটুকু শক্তিশালী হবে, তা বোঝা যায় তার ভিত্তি দিয়ে। ঠিক তোমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসি পরীক্ষা। বড় এই পরীক্ষায় তোমরা খুবই ভালো করেছ। তবে এখানে থামলে চলবে না। জীবনের উন্নতি করতে হলে কর্মঠ হতে হবে।’