মারা যাওয়া গাভি নিয়ে থানায় হাজির কৃষক
অসুস্থ গাভি নিয়ে রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে আসেন কৃষক সোহরাব আলী। সরকারি ছুটি থাকায় হাসপাতালের মূল ফটক বন্ধ দেখে গাভি নিয়ে সেখানেই অবস্থান করছিলেন তিনি। একপর্যায়ে আগে চিকিৎসা দেওয়া প্রাণিচিকিৎসক আবদুর রহিমকে পাশ দিয়ে যেতে দেখে ডাক দেন সোহরাব। তাঁর ডাকে সাড়া দিয়ে কাছে গেলেও কোনো চিকিৎসা বা পরামর্শ না দিয়েই চলে যান আবদুর রহিম। সেখানেই বেলা একটার দিকে গাভিটি মারা যায়।
বিকেলে ভ্যানে করে মারা যাওয়া গাভিটি নিয়ে পঞ্চগড় সদর থানায় হাজির হন সোহরাব আলী। পরে তিনি ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে প্রাণিচিকিৎসক আবদুর রহিমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে মারা যাওয়া গাভিটির মূল্য আড়াই লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী কৃষক সোহরাব আলী পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডুবানুচি এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত আবদুর রহিম পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সাবেক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি বর্তমানে বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিসে কর্মরত থাকলেও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় পশু-প্রাণীর চিকিৎসা দিয়ে থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ দিন আগে সোহরাব আলীর একমাত্র শাহিওয়াল জাতের গাভিটির হঠাৎ পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তিনি গাভির জন্য একজন স্থানীয় পশুচিকিৎসকের চিকিৎসা নেন। পরে তিনি পঞ্চগড় প্রাণিসম্পদ কার্যালয়ের সাবেক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রহিমকে ডেকে গাভিটির চিকিৎসা করান। আবদুর রহিম এক হাজার টাকা ভিজিটের বিনিময়ে গাভিটির চিকিৎসা দেন। পরে তাঁর লেখা ওষুধ খাওয়ানোর পর গাভিটি আরও অসুস্থ হয়ে পড়ে। রোববার সকালে অবস্থা বেশি খারাপ হওয়ায় গাভিটিকে পঞ্চগড় সদর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসেন সোহরাব। এ সময় হাসপাতালের মূল ফটক ছিল বন্ধ। কিছুক্ষণ পর হাসপাতালের পাশ দিয়ে যাওয়া চিকিৎসক আবদুর রহিমকে ডাকলে তিনি কাছে গিয়ে কোনো চিকিৎসা বা পরামর্শ না দিয়েই চলে যান। এর কিছুক্ষণ পর সেখানেই গাভিটি মারা যায়। আবদুর রহিমের ভুল চিকিৎসায় গাভিটি মারা গেছে বলে অভিযোগ করেন সোহরাব।
সোহরাব আলী বলেন, গাভিটির পাঁচ মাস বয়সী একটি বাছুর আছে। গাভির দুধ বিক্রি করেই তিনি সংসারের খরচ চালাতেন। দৈনিক ১০ থেকে ১৫ লিটার পর্যন্ত দুধ দিত গাভিটি। রহিম ডাক্তারের ভুল চিকিৎসার কারণে গাভিটি মারা গেছে। তাঁর চিকিৎসা করাতে গিয়ে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়েছে। তিনি এ ঘটনার বিচার চান। এখন পাঁচ মাসের বাছুরকে কীভাবে বাঁচাবেন, এ নিয়ে চিন্তায় আছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রাণিচিকিৎসক আবদুর রহিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। তিনি সাত দিন আগে সোহরাব আলীর বাড়িতে গিয়ে তাঁর গাভির পেট ফাঁপার চিকিৎসা দিয়েছিলেন। পরে শুনেছেন সোহরাব আলী অসুস্থ গাভিটির চিকিৎসা করাচ্ছেন কবিরাজের কাছে। তিনি কোনো ভুল চিকিৎসা দেননি। রোববার হাসপাতালের সামনে সোহরাব আলীর ডাকে কাছে গিয়ে তিনি গাভিটিকে মৃত অবস্থায় দেখেছেন। এ জন্য আর কোনো চিকিৎসা দেননি।
উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের মূল ফটক বন্ধ থাকার বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, রোববার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ছিল। এ জন্য হাসপাতাল ও প্রাণিসম্পদ কার্যালয়ের মূল ফটক বন্ধ ছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, সোহরাব আলী নামের ওই কৃষকের গরু মারা যাওয়ার বিষয়ে একটা অভিযোগ পেয়েছেন। অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া সোমবার মারা যাওয়া গাভিটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই গাভিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।