মাত্র তিন মাস আগে গঠিত কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি ৪৪ সদস্যবিশিষ্ট ছিল। নতুন কমিটি ২৫ জনে নামিয়ে আনা হয়েছে। এতে আহ্বায়ক পরিবর্তন হলেও সদস্যসচিব আগেরজনই আছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে আজ বুধবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারীকে আহ্বায়ক এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করা হয়েছে। উদবাতুল বারী আগের কমিটির ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন। ইউসুফ মোল্লা সদস্যসচিব পদে বহাল আছেন।
নতুন আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ১০ জনকে। তাঁরা হলেন জসিম উদ্দিন, রাজিউর রহমান, আতাউর রহমান, মামুনুর রশিদ মজুমদার, হোসেন মিয়া, শহিদুল্লাহ রতন, শওকত আলী, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম ও আবদুল জলিল। ১৩ জন সদস্য হলেন সৈয়দ জাহাঙ্গীর আলম, ফরিদ আহাম্মদ, কাউসার জামান, মজিবুর রহমান, আবদুর রহমান, মনিরুল ইসলাম, জলিশ আবদুর রব, রায়হান রহমান, জামাল হোসেন, রিয়াজ খান, নাজমুল হক, নেছার আহম্মেদ ও মনির হোসেন।
২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। এরপর প্রায় ১১ বছর পর গত ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। এরপর প্রায় ১১ বছরে বিএনপি কুমিল্লা মহানগর কমিটি করেনি। গত ৩০ মে সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৪৪ সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে একজন আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্যসচিব ও ২৮ জনকে সদস্য করা হয়। ওই কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আহ্বায়ক হয়েছিলেন।
ওই কমিটি নিয়ে খোদ আহ্বায়ক আমিরুজ্জামান তখন ক্ষোভ প্রকাশ করেন। কমিটিতে তাঁর অনুসারীরা প্রত্যাশিত পদ না পাওয়ায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে তাঁকে বিএনপি দল থেকে অব্যাহতি দেয়। মহানগর কমিটি নিয়ে অসন্তোষের মুখে দল নতুন আহ্বায়ক কমিটি গঠন করে।
এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রথম আলোকে বলেন, ‘দল মনে করেছে, কমিটি দিয়েছে। দল যেকোনো সময়ে কমিটি পরিবর্তন করতে পারে।’