নাশকতার মামলায় বরগুনায় জেলা জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ২
নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল এস এম আফজালুর রহমান (৬২) ও সদস্য মো. জহিরুল হককে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে বরগুনা পৌর শহরের মাছ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের একটি নাশকতা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মোমোনের নেতৃত্বে অভিযান চালিয়ে বেলা সোয়া দুইটার দিকে বরগুনা পৌর শহরের পৌর মাছ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তবে গ্রেপ্তার হওয়ার দুই ঘণ্টা আগে ওই দুই আসামি জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সদর থানায় বিক্ষোভ সমাবেশের জন্য অনুমতির জন্য গিয়েছিলেন। এ দুই ঘণ্টা পর দুপুরের দিকে তাঁদের বরগুনার মাছ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সদস্য মামুনুর রহমান বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্যমূলের ঊধ্বগতি এবং জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশের জন্য বরগুনা সদর থানায় অনুমতি আনতে গিয়েছিলেন। থানা থেকে বের হলেই পুলিশ তাঁদের সেখানেই গ্রেপ্তার করে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, আফজালুর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের একটি নাশকতার মামলা সন্দেহভাজন আসামি ছিলেন। সেই মামলায় আজ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।