খাগড়াছড়ির গুইমারায় বাজারে আগুন, পুড়ল তেলের দোকান ও খাবার হোটেল

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে আগুন জ্বলছে। আজ ভোর চারটার দিকে তোলাছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মোড় বাজারে একটি জ্বালানি তেলের দোকান ও একটি খাবার হোটেল আগুনে পুড়ে গেছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে জালিয়াপাড়া মোড়ের একটি জ্বালানি তেলের দোকানে আগুনের সূত্রপাত হয়। দোকান থেকে আগুন দ্রুত পাশের খাবার হোটেলে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতার কারণে তাঁরা ব্যর্থ হন। খবর পেয়ে মাটিরাঙা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।