টাকা না পেয়ে নিজ শরীরে পেট্রল ঢেলে আগুন, বাঁচাতে গিয়ে বাবা-মা-ভাই দগ্ধ
মানিকগঞ্জে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে জনি বিশ্বাস (২৫) নামের এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তাঁর বাবা, মা ও বড় ভাই। বুধবার বিকেলে সদর উপজেলার বেতিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মা–বাবার কাছে টাকা না পেয়ে জনি আত্মহত্যার চেষ্টা করেন।
এ ঘটনায় জনিসহ তাঁর বাবা শামছুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও বড় ভাই মাসুম বিশ্বাস (৩৫) দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান। তবে বাবা টাকা দিতে চাননি। বুধবার বিকেল চারটার দিকে জনি ঘরের ভেতর নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে মা, বাবা ও ভাই দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার পর তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জনি মাদকাসক্ত—এলাকায় অনেকে জানেন। মা–বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাবা, মা ও ভাই দগ্ধ হয়েছেন। জনির শারীরিক অবস্থা গুরুতর।’
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (পরিদর্শক) আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনার বিষয়ে তাঁরা জেনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।