ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জান্নাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছ পুলিশ
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌসি (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী কাউসার মোল্লা পলাতক। জান্নাতুল ফেরদৌসির পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডের সঙ্গে কাউসার মোল্লা জড়িত।

নিহত জান্নাতুল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। তাঁর স্বামী কাউসার মোল্লা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। কাউসার সদর উপজেলার ঘাটিয়ারা মোল্লাবাড়ির মৃত আওয়াল মোল্লার ছেলে। জান্নাতুল ও কাউসার মোল্লার পরিবারে ইসরাত জাহান মিম (১৪), জিহাদ হাসান (১১) ও পাঁচ বছরের আরেকটি সন্তান আছে।

জান্নাতুলের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কাউসার মোল্লার সঙ্গে পারিবারিকভাবে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের পর জান্নাতুল তিনটি সন্তানের জন্ম দেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কাউসার ও জান্নাতুলের মধ্যে কলহ চলছিল। কয়েক বছর আগে গ্রামের বাড়ি ঘাটিয়ারায় পাকাবাড়ি নির্মাণ করেন কাউসার। বাড়ি নির্মাণ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জান্নাতুলের মনোমালিন্য দেখা দেয়। কাউসারের ভাই ও বোনেরা জান্নাতুলকে ওই বাড়িতে উঠতে দিচ্ছিলেন না বলে অভিযোগ আছে। পরে বছর দুয়েক আগে স্বামী ও তিন সন্তান নিয়ে শহরের কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন জান্নাতুল। এক বছর আগে কাউসার চাকরি থেকে অবসর নেন। এর মধ্যে গত সপ্তাহে জান্নাতুল নিজের নিরাপত্তা চেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাঁর দেবর ও ননদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

জান্নাতুলের বড় বোন রুমা বেগম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কাউসারের পুনরায় ঝগড়া হয়। এ সময় চেঁচামেচির আওয়াজ শুনে তাঁদের দুই সন্তান ইসরাত ও জিহাদ ঘুম থেকে জেগে ওঠে। পরে তারা মা-বাবার কক্ষে এসে দেখে জান্নাতুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় ইসরাত ও জিহাদ মুঠোফোনে বিষয়টি তাঁকে (রুমা) জানায়। এদিকে ওই সময় অ্যাম্বুলেন্স ডাকার কথা বলে আলমারি থেকে টাকা নিয়ে কাউসার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ইসরাত ও জিহাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জান্নাতুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়ার ২ নম্বর টাউন (শহর) ফাঁড়ির পরিদর্শক হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, কাউসার মোল্লার বিরুদ্ধে তাঁর স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জান্নাতুলের স্বামী কাউসার মোল্লা পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।