বেপরোয়া গতির গাড়ি ধাওয়া করে থামিয়ে ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা
চট্টগ্রামে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে লোকজনকে আহত করার অভিযোগে বিক্ষুব্ধ লোকজন একটি গাড়ি ধাওয়া করে থামিয়ে ভাঙচুর করেছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে গাড়িতে থাকা এক তরুণী ও ভাঙচুরের সঙ্গে জড়িত পাঁচজনকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জেলার ফটিকছড়ি থানার হারুয়ালছড়ি এলাকা থেকে চট্টমেট্রো-ল ১৮৪৭ নম্বরের একটি লাল রঙের গাড়ি বেপরোয়া গতিতে আসতে থাকে। ওই সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট, সরকারহাট, মুনিয়া পুকুরপাড়সহ কয়েকটি জায়গায় গাড়ির ধাক্কায় পথচারীরা আহত হন। একপর্যায়ে লোকজন জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। আহত লোকজন গাড়িটিকে ধাওয়া দিয়ে থামানোর চেষ্টা করে। কিন্তু না থামিয়ে বেপরোয়া গতিতে চলতে থাকে এটি। পরে হাটহাজারী বাজার এলাকায় লোকজন গাড়িটিকে থামাতে সক্ষম হয়। পরে সেখানে থাকা বিক্ষুব্ধ লোকজন গাড়িটি ভাঙচুর করেন। ওই সময় গাড়িতে থাকা এক তরুণ পালিয়ে যান। পালাতে পারেননি ভেতরে থাকা এক তরুণী।
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে গাড়িটি উদ্ধারের পর থানায় নিয়ে আসে। আটক করা হয় গাড়িতে থাকা এক তরুণী ও ভাঙচুরে জড়িত পাঁচজনকে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িতে থাকা তরুণ মাদকাসক্ত ছিলেন। যার কারণে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছেন।