ডুবোচরে আটকে গেল ফেরি, প্রায় ৪ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট
প্রথম আলো ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নাব্যতা স্বল্পতার কারণে ডুবোচর জেগে উঠেছে। আজ রোববার বিকেলে পাটুরিয়া ঘাট থেকে ২৩টি যানবাহনবোঝাই রো রো (বড়) খানজাহান আলী নামে একটি ফেরি দৌলতদিয়া আসার পথে দৌলতদিয়া ঘাটের কাছে ডুবোচরে আটকা পড়ে।

এতে ফেরিতে থাকা পাঁচ শতাধিক যাত্রী ভোগান্তির মধ্যে পড়েন। প্রায় ৪ ঘণ্টা পর রাত পৌনে ৯টায় ফেরিটি উদ্ধার করা হয়।

ফেরিতে থাকা যাত্রী আবদুল আলিম বলেন, বিকেল ৫টার দিকে ফেরিটিতে হঠাৎ একটি ঝাঁকুনি লাগে। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরে সবাই বুঝতে পারেন ফেরিটি বালুর চরে আটকা পড়েছে। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেও উদ্ধার না হওয়ায় ফেরিতে থাকা সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা ভয়ে কান্নাও করতে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়া ঘাট থেকে রো রো (বড়) ফেরি খানজাহান আলী দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি মাঝনদী পার হয়ে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ঘাটের অ্যাপ্রোচ চ্যানেলে প্রবেশের আগে ডুবোচরে আটকে যায়। ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ৬টি যাত্রীবাহী বাস, ৪টি পণ্যবাহী গাড়ি, ১৩টি ছোট গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ছিল। পরিবহনের যাত্রী, যানবাহনের চালক, সহকারী, হকার ও ফেরির কর্মচারীসহ পাঁচ শতাধিক যাত্রী ছিলেন ফেরিতে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন তাঁরা। দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হওয়ায় আরিচা ঘাট কার্যালয়ের সাহায্য চাওয়া হয়। পরে বিআইডব্লিউটিসির দুটি জাহাজ এসে ফেরিটি উদ্ধার করে।

উদ্ধারকাজে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার। রাত পৌনে ৯টায় মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিসির আইটি-৩৮৯ ও আইটি-৩৯০ নামে শক্তিশালী দুটি জাহাজ দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে ফেরিটিকে ডুবোচর থেকে উদ্ধার করে। পরে ফেরিটি রাত ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ভিড়তে সক্ষম হয়।