জামালপুরে শিক্ষার্থীসহ ট্রেনের যাত্রীদের মারধর, অস্ত্রসহ আটক ৬
জামালপুরে আগের শত্রুতার জেরে একটি কমিউটার ট্রেনের ভেতরে এক শিক্ষার্থীসহ যাত্রীদের মারধর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের নরুন্দি রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ছয়জনকে দেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আটক ওই ছয়জন কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁদের একজনের বয়স ১৫ বছর। অন্য সবাই প্রাপ্তবয়স্ক।
আটক ছয়জন হলেন মারুফ হোসেন (১৮), রাকিব হোসেন (২০), রাকিব হাসান (১৮), মো. শিহাব উদ্দিন (১৮) ও শাকিল আহম্মেদ (১৮) । আটক আরেক জনের বয়স ১৫ বছর। তাঁদের সবার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি পূর্বপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী, ট্রেনটির যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী বেসরকারি কমিউটার ট্রেনে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বাড়িতে যাচ্ছিলেন। আগের শত্রুতার জেরে ওই শিক্ষার্থীকে মারধর করতে ময়মনসিংহ রেলস্টেশন থেকে দেশি অস্ত্র নিয়ে ট্রেনটিতে ওঠেন ওই ছয়জন। তাঁরা জামালপুরের পিয়ারপুর রেলস্টেশনে এক বগি থেকে আরেক বগিতে ওই শিক্ষার্থীকে খুঁজতে থাকেন। একটি বগিতে ওই শিক্ষার্থীকে পেয়ে মারধর করতে থাকেন। ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে ট্রেন থেকে নামানোর চেষ্টা করেন তাঁরা। এ সময় অন্য যাত্রীদের বাধার মুখে তাঁকে নামাতে পারেননি। একপর্যায়ে যাত্রীদের সহায়তায় ওই শিক্ষার্থী ট্রেনে লুকিয়ে পড়েন।
এরপর ট্রেনটি নরুন্দি স্টেশনে যাত্রাবিরতি দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে আবারও তাঁকে খুঁজতে থাকেন। না পেয়ে তাঁরা ওই শিক্ষার্থীকে সহায়তা করা যাত্রীদের ওপর হামলা চালান। তাঁরা ট্রেনের জানালা ভাঙচুর করেন। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেনের জানালা-দরজা বন্ধ করে দেন। ওই স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিলে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে থাকেন। এ সময় নরুন্দি স্টেশনের স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
জামালপুরের নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা যে শিক্ষার্থীকে মারধর করতে গিয়েছিলেন, তাঁর পরিচয় পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীকে ট্রেন থেকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করা হয়। এ সময় যাঁরা বাঁধা দিয়েছিলেন, তাঁদের কয়েকজনকে মারধর করেছেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। আটকের পর ছয়জনকে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। তাঁদের রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।