রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক হলেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আহ্বায়ক পদে ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল। তিনি পেয়েছেন ২৭২ ভোট।
গতকাল রোববার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খলিলুর রহমান ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি এই নির্বাচনে এবার দুই প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২১টি পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছে অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের প্যানেল। অন্যদিকে, ৯টি সদস্য পদে জয় পেয়েছে আবু বকর মো. ইসমাইলের প্যানেল।
অধ্যাপক খলিলুর রহমান বলেন, নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজের মোট ভোট ছিল ৬৬৩টি। এর মধ্যে ৫৫৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ২৭৪ ভোট পেয়ে উপাচার্য–সমর্থিত প্যানেল থেকে আহ্বায়ক পদে বিজয়ী হন ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে, তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ইইই বিভাগের আবু বকর মো. ইসমাইল ২৭২ পেয়েছেন।