গাজীপুরে সুজন সহসভাপতি কামরুজ্জামান হত্যার বিচারের দাবি
গাজীপুর জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লা (৬৫) হত্যাকাণ্ডের বিচার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুজন। আজ শুক্রবার সকালে সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন ও সম্পাদক বদিউল আলম মজুমদার এই বিবৃতি দেন।
বিবৃতিতে গাজীপুর জেলা শাখার সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মো. কামরুজ্জামান মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে সুজন। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। নিহত কামরুজ্জামান মোল্লা নগরের ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর ঠিকাদারি ব্যবসাও ছিল।
সুজনের বিবৃতিতে বলা হয়, গত বুধবার রাতে গাজীপুর মহানগরীর পূর্ব ধীরাশ্রম এলাকা থেকে কামরুজ্জামান মোল্লার হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুজন নেতারা বলেন, কামরুজ্জামান মোল্লা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর হত্যাকাণ্ডে সংগঠনের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানানো হয়েছে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমরা তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে বেশ কিছু আলামত পেয়েছি। আশা করছি, দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’