ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, কী বলছে পরিবার ও বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্তে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাঁকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এমন ঘটনা ঘটে। ভারতে আটক হওয়া যুবকের নাম মোহাম্মদ সুজন (২৫)। তিনি পরশুরাম পৌরসভার উত্তর কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।
সুজনের পরিবার ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সুজন উত্তর কোলাপাড়া সীমান্তে জ্বালানি কাঠ সংগ্রহে যান। সেখানে বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন।
সুজনের স্ত্রী আয়েশা আক্তার বলেন, উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তে সুজন জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিলেন। ভারতের কয়েকজন ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকায় তাঁরা তাঁকে বিএসএফের কাছে ধরিয়ে দিয়েছেন।
বাংলাদেশের যুবককে ভারতীয় সীমান্তে আটকের বিষয়ে জানতে চাইলে বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সুজন নামের এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’