কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
পরিবারের সঙ্গে ট্রলার নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়াতে গিয়েছিলেন মো. হিমেল (২৬)। ঘোরাঘুরির একপর্যায়ে হাওরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মিঠামইন ও করিমগঞ্জের সীমান্তবর্তী এলাকা হাসনপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে হিমেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
হিমেল কিশোরগঞ্জের গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। হিমেলের স্বজনদের বরাত দিয়ে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, গতকাল বিকেলে হিমেল ও তাঁর পরিবারের লোকজন করিমগঞ্জের বালিখলাঘাট থেকে ট্রলার ভাড়া করে মিঠামইন হাওরে ঘুরতে যান। সারা দিন হাওর ঘুরে সন্ধ্যার দিকে হাসনপুর সেতুর কাছে গোসল করতে পানিতে নামেন হিমেলসহ দু-তিনজন। গোসলের একপর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যান হিমেল।
পরে গতকাল সন্ধ্যা থেকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। এরপর আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হিমেলের সন্ধান পেতে উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে হিমেলের লাশ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, গতকাল রাত ১০টার দিকে তাঁরা হাওরের পানিতে এক যুবক নিখোঁজের সংবাদ পান। পরে আজ ডুবুরি দলের অভিযানে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লাশ হস্তান্তরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।