মতলব দক্ষিণে এক হালি লেবুর দাম ১০০ টাকা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সবজির বাজারে কয়েক দিন ধরে তিন গুণের বেশি দামে বিক্রি হচ্ছে লেবু। এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
বিক্রেতাদের দাবি, আমদানি কমে যাওয়ায় লেবুর সংকট চলছে বাজারে। এ জন্য বেশি দাম। তবে কী কারণে লেবু বাজারে উঠছে না, তা বলতে পারছেন না।
গতকাল সোমবার ও আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, কয়েকটি দোকানে সামান্য পরিমাণে লেবু আছে। দু-একজন ক্রেতা দরদাম করছেন। লেবুর উচ্চমূল্যের কথা শুনে চলে যাচ্ছেন অনেকে। রোজার আগে এভাবে হঠাৎ লেবুর দাম বাড়ল, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
উপজেলা সদর বাজারের দোকানি মো. শুক্কুর, মো. আল আমিন ও মো. আলমগীর হোসেনের দাবি, বাজারে লেবুর চাহিদা অনেক। কিন্তু লেবু তেমন আসছে না। মোকামে গিয়ে তেমন হারে মাল আনতে পারছেন না। সিলেট থেকে যে লেবু আসত, সেগুলোও আসছে না। চাহিদা অনুসারে লেবু না আসায় দাম এত বেশি। প্রতি এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। লেবুর এ মূল্য স্বাভাবিক মূল্যের তিন গুণের বেশি।
উপজেলার কলাদী এলাকার গৃহবধূ ফেরদৌসী আক্তার অভিযোগ করে বলেন, ‘লেবুর দামে রীতিমতো আগুন। দাম কমানোর কোনো লক্ষণ নাই। কারও মাথাব্যথাও নাই। দুই দিন ধইরা বাজারে আইসা একটা লেবুও কিনতে পারি নাই। এত দাম দিয়া ক্যামনে কিনুম। সবাই ব্যস্ত ইলেকশনে, লেবু নিয়া কারও মাথাব্যথা নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, বাজারে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারের দাম স্থিতিশীল ও সহনীয় রাখতে প্রশাসনের নজরদারি আছে। কেন লেবুর দাম এত বাড়ল, তা খতিয়ে দেখবেন।