রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

চলন্ত ট্রেন থেকে তেল চুরি। আজ মঙ্গলবার সকালে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেলস্টেশনেছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেলস্টেশনে চলন্ত ওয়াগন থেকে তেল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে যুক্ত থাকা ওয়াগন থেকে তেল চুরির এ ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভিডিওটি দেখার পর প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে।

১ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরে ধীরে চলছে। কয়েকজন ব্যক্তি ওয়াগন থেকে জগ দিয়ে তেল তুলে জারে ঢুকিয়ে নিচে নামিয়ে দিচ্ছেন। কয়েকজনকে তেল নিয়ে নামতে দেখা যায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী রেলস্টেশনে আন্তনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ার কারে ব্যবহারের জন্য ওয়াগনগুলোতে তেল আনা হয়েছিল। তেল দেওয়ার পর দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনে যুক্ত করা হয়। পরে সেগুলো ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ায় ট্রেনটি হরিয়ান স্টেশনে তিন মিনিটের যাত্রাবিরতি দেয়।

স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে হরিয়ান স্টেশন এলাকায় ওয়াগন থেকে তেল চুরি হয়। মঙ্গলবারের ঘটনায় রেলওয়ের ওয়েম্যান কিরণ আলী, তাঁর ভাই নয়ন আলী, মিলন, আল-আমিন, নাহিদ, রক্সি, রিপনসহ কয়েকজন ছিলেন। তাঁদের বাড়ি স্টেশনের আশপাশের এলাকায়।

অভিযোগের বিষয়ে রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তেল চুরির সঙ্গে তিনি জড়িত নন। ভিডিওতে তাঁকে দেখা গেছে জানানো হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর ফোন ধরেননি।

ওই ঘটনার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় কাজ করছিলেন জানিয়ে কিরণ আলী বলেন, ‘তেল নেওয়ার ঘটনায় আমার মতো দেখতে আমার ছোট ভাই নয়ন ছিল।’

হরিয়ান রেলস্টেশনের মাস্টার আরিফ হোসেন বলেন, ‘ঢাকা মেল সিক্স ডাউন ট্রেন হরিয়ান স্টেশনে মাত্র তিন মিনিট দাঁড়ায়। তখন পাবনা থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেন আসছিল। সেই ট্রেনের ক্রসিং নিয়ে ব্যস্ত ছিলাম। তখন চুরির ঘটনা ঘটে। এগুলো দেখভালের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ রয়েছে। তারাই ভালো জানে।’

এ বিষয়ে মামলা হবে জানিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ‘আইনগত পদক্ষেপ বলতে ফোর্স পার্টি পাঠিয়েছিলাম। তাঁদের ধরতে পারেনি। ভিডিওটা দেখেছি, তাঁদের চেনা যাচ্ছে। তাঁদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’

তেলের ওয়াগনটি রাজশাহীতে তেল নামানোর পর ফিরে যাচ্ছিল। তেল চুরির ভিডিওটি দেখেছেন বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। তাঁর ধারণা, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা রাজশাহীতেই তেল নিয়ে কোথাও রেখে দিয়েছিলেন। পরে হরিয়ান স্টেশনে সুবিধাজনক জায়গায় নেমে যান। তিনি জানান বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে। চুরির বিষয়টি নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে।