লিবিয়া থেকে গ্রিসে যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের

নৌকাডুবির পর এই সাত তরুণের মধ্যে শুধু মাসুম মিয়া (সবুজ বৃত্তে) দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছেছেন। বাকিরা এখনো নিখোঁজছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলার ছয় তরুণ। তাঁদের সঙ্গে একই নৌকায় থাকা মাসুম মিয়া দুই দিন সাগরে ভেসে গ্রিসে পৌঁছেছেন। তিন দিন আগে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে মাসুম ঘটনাটি জানান।

মাসুমের কাছ থেকে এ ঘটনা জানার পর তাঁর বাবা মারাজ মিয়া নিখোঁজ তরুণদের পরিবারকে বিষয়টি জানান। এর পর থেকে ছয়টি পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। ১৫ দিন পেরিয়ে গেলেও স্বজনদের কোনো খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পড়েছে তারা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালালদের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসে ফোলানো রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন মাধবপুর ও লাখাই উপজেলার সাত তরুণ। ওই নৌকায় অর্ধশত যাত্রী ছিলেন। মাঝসাগরে ছিদ্র হয়ে নৌকায় পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

সাত তরুণের মধ্যে প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে পেরেছেন শুধু মাসুম মিয়া। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামে। বাকি ছয়জনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁরা হলেন মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের পাভেল মিয়া ও আতাউর মিয়া; কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছর।

এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?
নুরুল হক, নিখোঁজ পাভেল মিয়ার বাবা

মাসুমের বাবা মারাজ মিয়া ছেলের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, নৌকাটি সাগরের মাঝপথে পৌঁছানোর পর হঠাৎ তাতে ছিদ্র দেখা দেয়। দ্রুত পানি ঢুকতে থাকায় যাত্রীরা বিপদের মুখে পড়েন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সবাই সাগরে পড়ে যান। তাঁর ছেলে মাসুম ঢেউয়ের মধ্যে ভেসে থাকার চেষ্টা করে। দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে উঠে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শেষ পর্যন্ত গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়।

একই নৌকায় থাকা বাকি ছয় তরুণের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁদের পরিবার। দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা।

নিখোঁজ তরুণদের পরিবারের সদস্যরা জানান, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। কেউ জমিজমা বিক্রি করেছেন, কেউবা চড়া সুদে ঋণ করে টাকা জোগাড় করেছেন। তাঁদের আশা ছিল, ছেলেরা ইউরোপে পৌঁছে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করবেন। কিন্তু এখন সেই স্বপ্নের জায়গায় তৈরি হয়েছে স্বজন হারানোর শঙ্কা।

পুরাইকলা গ্রামের পাভেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যাব?’

স্বজনেরা জানান, মাসুমের কাছ থেকে নৌকাডুবির ঘটনা জানার পর থেকেই তাঁরা ঢাকায় অবস্থানরত দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কোথায় গেলে বা কার কাছে গেলে নিখোঁজ সন্তানদের সন্ধান পাওয়া যাবে, তা-ও বুঝে উঠতে পারছেন না তাঁরা।

বাঘাসুরা গ্রামের নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, ‘আজ সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন। দালালদেরও কোনো ঠিকানা আমরা জানি না।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।