ধুনটে প্রেমিকের বাড়িতে অনশনকারী তরুণীকে মারধরের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকের বাড়িতে অনশনকারী তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটে।
গত বুধবার থেকে বিয়ের দাবিতে মানিকপটল গ্রামের সেলিম রেজা (৩২) নামের এক যুবকের বাড়িতে অনশন করছিলেন ওই তরুণী। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে ওই তরুণীকে মারধর করেন সেলিমের স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তরুণীকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান সেলিমের স্বজনেরা।
সেলিম রেজা মানিকপটল গ্রামের আজগর আলীর ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি দপ্তরে অফিস সহায়ক পদে চাকরি করেন। অনশনকারী তরুণী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা। তিনিও ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তরুণীর দাবি, সম্পর্কে তাঁরা নিকটাত্মীয়। সেই সূত্রে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ওই তরুণী সেলিম রেজার ঘরের দরজায় বসে আছেন। বাড়ির লোকজন ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে গেছেন।
অনশনকারী তরুণী প্রথম আলোকে বলেন, প্রায় ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাঁদের। মামার বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে তাঁদের। এ ছাড়া বিয়ের কথা বলে সেলিম তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। এখন বিয়ে করতে চাচ্ছেন না। বাধ্য হয়েই তিনি অনশন করছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করবেন বলে জানান।
ঘটনার পর থেকে পলাতক থাকায় এ ব্যাপারে সেলিম রেজার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, ওই তরুণী বাড়িতে আসার পর সেলিম রেজার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যান। এরপর হঠাৎ রাতে বাড়িতে ফিরে সকালে ওই তরুণীকে মারধর করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, প্রেমিকের বাড়িতে অনশনকারী তরুণীকে মারধরের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।