আদালতে আসামি হস্তান্তর শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত পুলিশ সদস্যের মৃত্যু
রাঙামাটিতে আদালতে আসামি হস্তান্তর শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত সোমবার আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।
নিহত পুলিশ সদস্যের নাম মো. মাহবুব হাসান (৪২)। তিনি কাপ্তাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই নিরস্ত্র) ছিলেন।
কাপ্তাই থানা ও জেলা পুলিশ জানায়, সোমবার কাপ্তাই থেকে আদালতে আসামি হস্তান্তর করতে গিয়েছিলেন মাহবুব হাসান। আসামি হস্তান্তর শেষে তিনি রাঙামাটি থেকে বিকেলে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কাপ্তাই ফিরছিলেন। পথে রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট–সংলগ্ন এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় রাজস্থলী উপজেলার রাইখালী–বাঙ্গালহালিয়া সড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম উক্যসিং মারমা (৩৪)। তিনি রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার রাইখালী মতিপাড়া গ্রামের বাসিন্দা সাচিংমং মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনিপ্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।