হোটেলকক্ষের দরজা ছিদ্র করে গোপনে ভিডিও করার কথা স্বীকার, ২ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজশাহীতে হোটেলকক্ষের দরজায় ছিদ্র করে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ তাঁদের আদালতে নিয়ে যায়। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠান।

ওই দুই আসামি হলেন রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার ‘পপুলার-২’ নামের হোটেল ব্যবস্থাপক ও নওগাঁর পোরশা উপজেলার শরীফুল ইসলাম (২৮) এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবদুল নূর (১৯)।

এ মামলায় পলাতক আরও তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনে মামলার আলামত হিসেবে গোপনে ধারণ করা ভিডিও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা গোপনে ভিডিও করার বিষয়টি স্বীকারও করেছেন। এ কারণে তাঁদের রিমান্ড চাওয়া হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা আগেও এ ধরনের ভিডিও ধারণ করার কথা জানিয়েছেন কি না, জানতে চাইলে ওসি সিদ্দিকুর রহমান বলেন, আপাতত তাঁরা ওই দিন ধারণ করা ভিডিওটিই পেয়েছেন। এটি নিয়ে কাজ চলছে। তাঁরা এ ধরনের আরও ঘটনা ঘটিয়ে থাকলে তদন্তে তা বেরিয়ে আসবে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাঁর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য গ্রাম থেকে রাজশাহী নগরে আসেন। রাতে হোটেল পপুলার-২-এ ওঠার পর তাঁদের মুঠোফোনে কল করে বাইরে আসতে বলা হয়। তাঁরা বাইরে না এলে হোটেলের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকেন হোটেলের ব্যবস্থাপক ও তাঁর সহযোগীরা। একপর্যায়ে ওই শিক্ষার্থী ও তাঁর স্ত্রী দরজা খুলে দিলে তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে গোপনে ধারণ করা ভিডিও ইন্টানেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেন তাঁরা।

আরও পড়ুন

এ সময় ওই শিক্ষার্থী ও তাঁর স্ত্রী জোর করে হোটেল থেকে চলে আসেন। তাঁরা রাজশাহী স্টেশনে রাত কাটান। পরের দিন সকালে স্ত্রীকে বাড়ির উদ্দেশে ট্রেনে তুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান তিনি। এরপর দুপুর থেকে ওই শিক্ষার্থীকে হোটেলের কর্মচারীরা কল করতে থাকেন। তাঁদের কাছে অনেক ভিডিও রয়েছে দাবি করে দেখা করতে বলেন।

ওই শিক্ষার্থী বিষয়টি তাঁর বিভাগের এক বড় ভাইকে জানান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে জানালে রাজপাড়া থানা ছাত্রলীগকে বিষয়টি জানানো হয়। তাঁদের সহযোগিতায় স্থানীয় লোকজন ওই হোটেলে গিয়ে আবদুল নূরকে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করে। এ ঘটনার পর গত সোমবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী পাঁচজনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, রাজশাহীতে চিকিৎসার জন্য এসে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেতে অনেকের রাত হয়ে যায়। এ কারণে নগরের বিভিন্ন হোটেলে থাকতে হয় তাঁদের। আসামিরা পপুলার-২-এ হোটেলে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিলেন।