মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তালুকদার খালেকের নাম সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালুকদার আবদুল খালেক
ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেকের নাম সুপারিশ করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। তবে দলের আরও কয়েকজন নেতা মেয়র পদে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

আজ রোববার তালুকদার আবদুল খালেকের পক্ষে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য তালুকদার আবদুল খালেকের হয়ে আমি মনোনয়ন ফরম কিনেছি।’

আরও পড়ুন

তালুকদার আবদুল খালেক মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০০৮ ও ২০১৮ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। তবে ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে পরাজিত হয়েছিলেন।

বর্ধিত সভায় উপস্থিত কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্ধিত সভায় উপস্থিত সবাই তালুকদার আবদুল খালেককে সমর্থন করলেও দলীয় মনোনয়নপত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম। ১২ এপ্রিলের মধ্যে তাঁরা দলীয় মনোনয়ন ফরম কিনবেন।

আরও পড়ুন

জানতে চাইলে মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মেয়র প্রার্থী হিসেবে সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। দলের মনোনয়ন ফরমও কিনব। দলের সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তবে দল যাঁকে যোগ্য মনে করে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করব। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা রাখি।’

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে দল করে আসছি। ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে ভূমিকা রেখেছি। সেই হিসেবে আমি দলের মনোনয়ন চাইতেই পারি। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করব।’ কাল সোমবার মনোনয়ন ফরম কিনতে ঢাকায় যাবেন বলে তিনি জানান।

৩ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিল অনুযায়ী আগামী ১২ জুন এই দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে এবং ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এর আগে ২০১৮ সালের ১৫ মে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছিলেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজ্জাম্মেল হক ১৪ হাজার ৩৬৩, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান (মুশফিক) ১ হাজার ৭২ এবং সিপিবির মিজানুর রহমান ৫৩৪ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন।

নির্বাচনকে ঘিরে সক্রিয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা

মেয়র পদের প্রার্থী নিয়ে অনেকটা নিশ্চিত থাকলেও কাউন্সিলর পদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে সরব। নির্বাচনের তফসিল ঘোষণার পর ওই পালে হাওয়া লাগে। চলতি রোজার মাসে বিভিন্ন এলাকার কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় অংশ নিচ্ছেন। ছোটখাটো সভা, সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন। নিজেরাও ইফতার মাহফিলের আয়োজন করছেন।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম (সোহাগ) প্রথম আলোকে বলেন, কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন মহানগর আওয়ামী লীগ থেকেই দেওয়া হবে। কাল সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।