গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আরও ২৫ জন গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আরও ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট ১৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ বলছে, গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গত শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালান ও মারধর করেন। এতে ১৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

আরও পড়ুন

এ ঘটনায় রোববার দুপুরে একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আরও ২৫ জনকে গ্রেপ্তার করে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ২৫ জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

আরও পড়ুন