কালীগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার কালীগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলের মৃত্যু হয়েছে। তাঁর নাম জেলের নাম রামপদ মণ্ডল (১৯)।

আজ রোববার ভোর চারটার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামের শেখ আবদুল আজিজের ঘেরে এ ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হয়েছে। তাঁদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া রামপদ মণ্ডল কালীগঞ্জের বানিয়াপাড়া গ্রামের সুশীল মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন, সুনীল মণ্ডল (৫০), তাঁর ভাতিজা নয়ন মণ্ডল (২০), মানিক মণ্ডল (২৬) ও মোয়াজ্জেম হোসেন (২৭)। তাঁদের সবার বাড়ি উপজেলার কৃষ্ণনগর গ্রামে।

আহত সুনীল মণ্ডল প্রথম আলোকে বলেন, তাঁরা আজ ভোর চারটার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আবদুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। গ্রামের আবুল হোসেন আগে থেকেই তাঁর ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। ঘেরে যাওয়ার পথে তাঁরা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় রামপদ মণ্ডলের। তিনিসহ আরও চারজন আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।