ফরিদপুরে ডেঙ্গু রোগী বাড়ছে, এখনো হয়নি আলাদা ওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

ফরিদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল সোমবার পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৩১৭। আক্রান্ত ব্যক্তিদের বেশির ভাগের চিকিৎসা চলছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সরকারি নির্দেশনা থাকলেও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড খোলা হয়নি। এখানে পুরুষ ও নারী মেডিসিন ওয়ার্ড এবং পেয়িং বেডে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে অন্য রোগীদের সঙ্গেই।

সরেজমিনে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডে ৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড ইউনিট-১-এ কর্মরত জ্যেষ্ঠ স্টাফ নার্স মিনতি বিশ্বাস বলেন, ‘এই ওয়ার্ডের এক পাশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা মশারি টানানোর কথা বললে টানায়, পরে আবার খুলে ফেলে। আমরা বারবার বলছি, ডেঙ্গু রোগ থেকে মুক্তি পেতে মশারি টানানো ওষুধের মতো কাজ করে। কিন্তু বিভিন্ন অজুহাতে রোগী ও স্বজনেরা মশারি টানান না। চিকিৎসক রাউন্ডে এলে রোগীর স্বজনেরা মশারি টানিয়ে দেন। চিকিৎসক চলে গেলে আবার যেই–সেই।’

ওই ওয়ার্ডে মেঝেতে চিকিৎসাধীন নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের হাসমত ফকির (৬০) বলেন, ‘ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড দূরে থাক, আমাদের জন্য তো সিটই নাই।’

ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ঢাকার একটি গার্মেন্টসের কর্মী সজীব মালো (৩৫)। তাঁর বাড়ি ভাঙ্গা উপজেলায়। তিনি বলেন, ‘দুই দিন মেঝেতে থেকে আমি বেডে সিট পাই। ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড হলে আমাদের এত ভোগান্তি হতো না।’

তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ড ইউনিট ২-এ চিকিৎসা নিচ্ছেন ভাঙ্গার মালিগ্রাম এলাকার রিমা আক্তার (১৯)। তাঁর বাবা মো. লিটন হাওলাদার (৫৪) বলেন, ‘ডাক্তার-নার্সরা সব সময় মশারি টানাইতে বলেন। ডেঙ্গুর জন্য মশারি টানাইতে হবে আমরাও বুঝি। কিন্তু এখানে এমনিতেই ফ্যানের বাতাস লাগে না, মশারি টানাইলে বাতাস আরও কমে যায়। এ জন্য মাঝেমধ্যে বাধ্য হয়ে মশারি খুলে ফেলতে হয়।’

এই হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, এখনো আলাদা ডেঙ্গু ওয়ার্ড করা হয়নি। তবে বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ বাড়ায় কিছু রোগীকে আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। চাপ বাড়লে আলাদা ওয়ার্ড করা হবে।