গোপাল দাসের দুঃখের ঘুম
মানুষের শরীরেরও একটা ভাষা আছে, যা বলে দেয় মানুষটি ঘুমিয়ে আছেন, পড়ে আছেন নাকি মারা গেছেন। কিন্তু গোপাল চন্দ্র দাসকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না। ভাদ্রের ভ্যাপসা গরমে টানা রোদের মধ্যে সড়কের পাশে আধশোয়া হয়ে ঘুমাচ্ছিলেন তিনি। পায়ের কাছে কয়েক জোড়া ছেঁড়া স্যান্ডেল। পাশে জুতা পলিশের কালির কৌটা, ছোট-বড় কয়েকটি ব্রাশ। মাথার ওপর ছায়ার জন্য টাঙানো পলিথিনটিও বাতাসে উড়ে সরে গেছে।
গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় এমন অবস্থায় গোপালকে (৪৫) দেখা যায়। ঘণ্টাখানেক পরেও তাঁকে একই অবস্থায় দেখা যায়। সন্ধ্যার পর আবার সেখানে গিয়ে দেখা গেল, গোপাল নেই। তবে তাঁর জুতা মেরামত ও পলিশের সরঞ্জামগুলো আগের মতোই পড়ে আছে।
পাশের চা–দোকানি মাজিদুল জানালেন, গোপাল সারা দিন ছেঁড়া জুতা মেরামত ও পলিশ করেন। এরপর মেরামত করা জুতা নিয়ে বের হন বিক্রির জন্য। সেদিনও এক জোড়া জুতা মেরামত করে বিক্রির জন্য বেরিয়েছিলেন।
মাজিদুলের কাছে জানা গেল, পৈতৃক সূত্রেই চর্মকার গোপাল। রাজশাহী নগরের কুমারপাড়া মোড়ে আগে তাঁর (গোপালের) মামা বসতেন। মামা মারা যাওয়ার পর গোপাল সেখানে বসতেন। পরে তাঁকে সেখান থেকে তুলে দেওয়া হয়। এর পর থেকে তাঁর এক জায়গায় স্থির হয়ে বসার সুযোগ নেই। কখনো এখানে, কখনো সেখানে বসে কাজ করেন।
প্রায় দুই মাস ধরে মাজিদুলের চায়ের দোকানের পাশে বসছেন গোপাল। মাজিদুল বললেন, ‘কাজকাম সে রকম হয় না। খুব কষ্টে আছে।’ নিজের দোকানের দিকে তাকিয়ে বললেন, ‘কাজকাম সবারই মন্দা। বাজার চড়া। দিনকাল ভালো যাচ্ছে না।’
এর মধ্যেই এক জোড়া জুতা হাতে গোপাল ফিরে এলেন। বোঝা গেল, জুতা বিক্রি করতে পারেননি। কথা বলতে এগিয়ে যেতেই তিনি এক জোড়া স্যান্ডেল এগিয়ে দিলেন, যেভাবে বিকল্প স্যান্ডেল পরিয়ে পায়ের জুতাজোড়া খুলে নিয়ে মেরামত বা পলিশ করে দেন। চটিজোড়া খুলে দিতেই ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে শুরু করলেন তিনি। কাজ করতে করতে নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন গোপাল।
ও দুঃখের ঘুম। খুব দুঃখ স্যার। দোকানডা লিয়্যা ভাইসে বেড়াচ্ছি। বাক্সের মধ্যে সব জিনিস তালা দিয়্যা থুইয়ে যাই। মাস দুয়েক আগে দোকানের সব মালামাল চুরি হয়্যা গেল। আবার কিনতে হলো। এখন সারা দিনে বাজার করার পয়সাডাও হয়নি।
গোপালের বাবাও একই কাজ করতেন। বাবার হাত ধরেই ছোটবেলায় এই পেশায় আসেন তিনি। তাঁর মা–বাবা দুজনই অনেক বছর আগে মারা গেছেন। কাজের সূত্রে তাঁর বাবা কবে রাজশাহী শহরে এসেছিলেন, গোপালের তা মনে নেই। তাঁদের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন গোপাল। মাসে বাড়িভাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা। দুই মেয়েই সপ্তম শ্রেণিতে পড়ে। তাদের পড়াশোনার খরচও তাঁকেই জোগাতে হয়।
দুপুরের রোদে ওভাবে পড়ে থেকে ঘুমাচ্ছিলেন কেন—জানতে চাইলে কিছুক্ষণ চুপ করে থেকে গোপাল বললেন, ‘ও দুঃখের ঘুম। খুব দুঃখ স্যার। দোকানডা লিয়্যা ভাইসে বেড়াচ্ছি। বাক্সের মধ্যে সব জিনিস তালা দিয়্যা থুইয়ে যাই। মাস দুয়েক আগে দোকানের সব মালামাল চুরি হয়্যা গেল। আবার কিনতে হলো। এখন সারা দিনে বাজার করার পয়সাডাও হয়নি। কী করব স্যার?’ বলতে বলতে পকেট থেকে দিনের রোজগার বের করে দেখালেন। ২০০ টাকার দুটি নোট, সঙ্গে কয়েকটি খুচরা টাকা। দুই হাত মেলে ধরলেন। হাত কাঁপছিল। চোখ ছলছল করছিল। বললেন, ‘এই দিয়্যা আজকের দিনে বাজার হয় স্যার!’
এরই মধ্যে চটিজোড়া পলিশের কাজ প্রায় শেষ। চারপাশের বাড়তি কালিটুকু ন্যাকড়া দিয়ে মুছে দেওয়ার কাজ বাকি। গোপাল নিজের পরনের পরিষ্কার লুঙ্গির একাংশ দিয়ে খুব যত্নে চটির চারপাশ মুছতে শুরু করলেন। ন্যাকড়া নেই? পরিষ্কার লুঙ্গি দিয়ে মুছছেন কেন—জিজ্ঞেস করতেই গোপালের সরল উত্তর, ‘ন্যাকড়া ময়লা হইচে।’ গোপালের উত্তর শুনে মনে হলো, পেশাটা তাঁর জীবনের সঙ্গেই মিশে গেছে। বেঁচে থাকার জন্য যা দরকার, তিনি তা–ই করছেন।