যশোরে জিপিএ–৫ পেল যমজ দুই বোন, হতে চায় চিকিৎসক
একসঙ্গে জন্ম; বেড়ে ওঠা ও লেখাপড়াও একসঙ্গে। এবার এসএসসি পরীক্ষার ফলাফলে যমজ দুই বোন যশোরের অঙ্কিতা বিশ্বাস ও অনুসূয়া বিশ্বাস জিপিএ-৫ পেয়েছে।
অঙ্কিতা ও অনুসূয়া যশোর সদর উপজেলার কৈখালী গ্রামের অনুকূল চন্দ্র বিশ্বাস (৪০) ও অঞ্জলী রানী বিশ্বাসের (৩২) সন্তান। তাঁদের বাবা মাছ ব্যবসায়ী। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন বাজার থেকে মাছ কিনে এনে যশোর সদর উপজেলার রানীবাজারে বিক্রি করেন। মা গৃহিণী।
অঙ্কিতা ও অনুসূয়ার মধ্যে অঙ্কিতা দুই মিনিটের বড়। তারা যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে।
অঙ্কিতা বিশ্বাস বলে, ‘আমরা সব সময় মা-বাবার কথা মেনে চলেছি। ঠিকমতো পড়াশোনা করেছি। অবসর সময়ে বই পড়া এবং মা-বাবার সঙ্গে গল্প করে সময় কাটিয়েছি। পরীক্ষার ফলে আমি খুশি।’
দুই বোনের এমন সাফল্যে আনন্দিত পরিবার। দুই বোন ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে
এ সাফল্যের পেছনে মা-বাবার অবদানের কথা উল্লেখ করে অনুসূয়া বিশ্বাস বলে, ‘আমার মা-বাবা, দুই মামা এবং বিদ্যালয়ের স্যাররা আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। এ কারণেই ভালো ফল করতে পেরেছি।’
দুই বোনের এমন সাফল্যে আনন্দিত পরিবার। দুই বোন ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।
বাবা অনুকূল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমার যমজ দুই মেয়ে। আমি ঘুরে ঘুরে মনিরামপুরের বিভিন্ন বাজার থেকে মাছ কিনে সদর উপজেলার রানীবাজারে বিক্রি করি। এই আয় দিয়ে কোনোমতে সংসার চালাই। মেয়েদের লেখাপড়া করাই। আমার এক শ্যালক শিক্ষক আর এক শ্যালক ফল ব্যবসায়ী। তাঁরা বেশ সহায়তা করেন। এ জন্য মেয়েদের লেখাপড়া করাতে পারছি।’