মরিয়মদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চান অপহরণ মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা পিবিআই কার্যালয়ে মেয়েদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন রহিমা বেগম। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

খুলনার দৌলতপুর থেকে রহিমা বেগম নিখোঁজের পরদিন মেয়ে আদুরী আক্তার থানায় একটি অপহরণ মামলা করেছিলেন। সেই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের ঘায়েল করার জন্য ওই মামলা করা হয়েছিল। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে আত্মগোপন করেছিলেন রহিমা। বিষয়টি জানতেন তাঁর মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবারের সদস্যরা।

খুঁজে পাওয়া রহিমা বেগম ও তাঁর মেয়েদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মামলায় গ্রেপ্তার হেলাল শরীফের পরিবারের সদস্যরা। একই সঙ্গে ক্ষতিপূরণও চেয়েছেন তাঁরা।

আরও পড়ুন

আজ রোববার হেলাল শরীফের স্ত্রী মনিরা আক্তার প্রথম আলোকে বলেন, ‘মরিয়ম মান্নানের সৎভাইয়ের কাছ থেকে ২০১৯ সালে জমি কিনেছিলাম। কিন্তু সেই জমির দখল তারা দেয়নি। এ জন্য সেখানকার স্থানীয় কাউন্সিলরের কাছে আমরা আবেদন করেছিলাম। তবে ওই পক্ষ এগোয়নি। বরং আমাদের নামে মানহানি মামলাও করেছিল। সেই মামলায় আমার স্বামীসহ পাঁচজন আসামি ছিলেন। সবাই আগাম জামিন নেন। পরে সেই পাঁচজনের নামে অপহরণ মামলা করা হয়েছে। আগের মামলায় জামিন হওয়ার পরই নতুন করে ফাঁসানোর জন্য তারা অপহরণের ঘটনা সাজায়।’

রহিমা নিজে আত্মগোপন করেছিলেন, এটা এখন পরিষ্কার বলে মনে করেন মনিরা আক্তার। তিনি বলেন, ‘শুধু ফাঁসানোই টার্গেট ছিল। মরিয়ম মান্নান সবকিছুই করল। অকারণেই আমাদের দিকে আঙুল তোলা হলো। আমরা নিশ্চিত ছিলাম, গ্রেপ্তার কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। আমার স্বামী বের হলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা আশা করছি, দ্রুত আমার স্বামী ছাড়া পাবে।’

অপহরণ মামলায় স্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকে সামাজিকভাবে অনেক হেয়প্রতিপন্ন হতে হয়েছে মনিরা আক্তারকে। থানা-পুলিশ ও আদালতে ছোটাছুটি করতে গিয়ে আর্থিক ক্ষতিও হয়েছে বলে জানিয়েছেন মনিরা। তিনি বলেন, গত ৩০ আগস্ট তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়। আর ৬ সেপ্টেম্বর তাঁর কন্যাসন্তান হয়েছে। ১৩ অক্টোবর সন্তান প্রসবের নির্ধারিত দিন ছিল। কিন্তু স্বামী গ্রেপ্তার হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে আগেই সিজার করতে হয়। এ ধরনের পরিস্থিতিতে তিনি স্বামীকে কাছে পাননি।

আরও পড়ুন

শনিবার রাতে রহিমাকে উদ্ধারের খবর পেয়ে রাতে দৌলতপুর থানায় আসেন অপহরণ মামলায় গ্রেপ্তার রফিকুল আলম ও নুরুল আলমের বাবা আনসার উদ্দিন আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, তাঁদের সঙ্গে জমির সীমানা নিয়ে মতবিরোধ থাকায় তাঁর দুই ছেলের নামে মামলা দিয়ে হয়রানি ও সম্মানহানি করা হয়েছে। রহিমা ও তাঁর সন্তানেরা অপহরণের নাটক সাজিয়েছেন, তাই তিনি তাঁদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন

একই মামলায় গ্রেপ্তার মহিউদ্দিন ও গোলাম কিবরিয়ার বড় ভাই নজরুল ইসলাম বলেন, পুরো বিষয়টি একটি সাজানো নাটক। রহিমা বেগমের সন্তানেরা পুলিশ ও সাংবাদিকদের মিথ্যা কথা বলে প্রায় এক মাস বিভ্রান্ত করেছেন।

গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া এলাকার বাসার উঠানের নলকূপে পানি আনতে যান রহিমা বেগম। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন তাঁর মেয়ে আদুরী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের সন্ধান চেয়ে ঢাকায় মানববন্ধনের পাশাপাশি বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করে আসছিলেন তাঁর সন্তানেরা। গতকাল শনিবার রাতে ফরিদপুরের বোয়ালমারী থেকে রহিমাকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন