যুবকের লাশের ময়নাতদন্তে পেটে পাওয়া গেল ৮ পোঁটলা ইয়াবা

ইয়াবা
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একটি বাড়ি থেকে উদ্ধার করা মাসুদ রানা ওরফে ইদ্রিস পাটোয়ারী (৩০) নামের যুবকের পেটের ভেতর ৮ পোঁটলা ইয়াবা পাওয়া গেছে। এর মধ্যে অনেক ইয়াবা পেটের মধ্যে গলে গিয়েছিল।

লাশের ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক আশেকুর রহমান খান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আশেকুর রহমান খান বলেন, টেকনাফ মডেল থানা-পুলিশের পাঠানো লাশটির আজ বিকেলে ময়নাতদন্ত করা হয়। এতে ওই যুবকের পেটের ভেতরে কনডমে মোড়ানো ৮ পোঁটলা ইয়াবা পাওয়া গেছে। পোঁটলাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অনেক ইয়াবা গলে গিয়েছিল। এ ছাড়া একটি পোঁটলা পেটের ভেতরে ফেটে যাওয়ায় বিষক্রিয়ায় যুবকের মৃত্যু হয়েছে। যুবকের অন্ত্রের একটি নালিও ফেটে গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদনের বিস্তারিত উল্লেখ করা হবে। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গত সোমবার রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যাডেবা নামক এলাকা থেকে মাসুদ রানার লাশ উদ্ধার করে পুলিশ। যে বাড়ি থেকে লাশটি উদ্ধার হয়েছে, সেটির মালিক শান্তি দেবী।

তিনি জানান, প্রায় আড়াই বছর আগে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজকে তিনি এ ঘরটি ভাড়া দেন। মারা যাওয়া ওই যুবক মাঝেমধ্যে সেখানে আসা-যাওয়া করতেন। ঘটনার পর থেকে ভাড়াটে আজিজ পলাতক।

সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিদ্দিক আহমদ বলেন, ওই বাড়ির মালিক শান্তি দেবীর ছেলে সুমন ফোন করে যুবকের মৃত্যুর বিষয়টি জানান। তাৎক্ষণিক তিনি থানায় খবর দিলে পুলিশ এসে যুবকের লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, আজ সকালে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। যে ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেটির মালিকের ছেলে সুমনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।